৩৪ সেকেন্ডে লিড নিয়েও পর্তুগালের কাছে হার বাংলাদেশের – MZamin
ওয়েলসকে রুখে দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে হার দেখলো। আজ ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে পর্তুগালের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ কিশোররা। গ্রুপ ‘জি’তে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল। একটি করে হার ও ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে বাংলাদেশ।
আজারবাইজানের হবসান কম্পিটিশন কমপ্লেক্সে ম্যাচের ৩৪ সেকেন্ডে পর্তুগালকে অবাক করে দেয় বাংলাদেশ। ফরোয়ার্ড মোহাম্মদ বায়জিদের গোলে এগিয়ে যায় লাল-সবুজ প্রতিনিধিরা। তবে ব্যবধান বেশি সময় ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ৭ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার আরশি আজিমের ভুলে আত্মঘাতী গোল পেয়ে সমতায় ফেরে পর্তুগাল। ১২ মিনিটে পর্তুগিজদের এগিয়ে নেন মিডফিল্ডার রুবেন কুইরোজ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলকিপার সায়েদ রায়াতের ভুলে তৃতীয় গোলটি হজম করে বাংলাদেশ।
ফিফা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এই ফেস্টিভ্যালকে বৈশ্বিক রূপ দিয়েছে, যেখানে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। বিশ মিনিট করে মোট ৪০ মিনিটের এইট-এ-সাইড ফরম্যাটে এ টুর্নামেন্ট হচ্ছে। এর আগে গত বছর বাফুফের দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তীতে দীর্ঘ ক্যাম্প ও ওপেন ট্রায়ালের মাধ্যমে এই দল গঠন করন। দীর্ঘ দুই মাসের বেশি অনুশীলনের পর আজারবাইজানে এই বৈশ্বিক আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন