লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি
বৃহস্পতিবার ভোর ৫টারে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭২ বাংলাদেশি। ছবি: সংগৃহীত
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দেশটির মিসরাতা থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে। দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
প্রত্যাবসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এ ধরনের ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রার পরিণতি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের তাঁদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যাবসিত প্রত্যেককে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন