গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ – MZamin
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে ই-টিয়ার সেমিফাইনালে লাল-সবুজের দল আফ্রিকার দেশ গ্যাবনকে হারায় ১-০ গোলে। বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি ১৪ মিনিটে নাঈমুর রহমান রাতুলের। আক্রমণভাগের ডানপ্রান্ত দিয়ে জোরাল শটের পর ফিরতি বলে হেডে গোল করেন রাতুল।
টায়ার ই-এর ফাইনালে বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সুযোগ। তবে মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ- থেকে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হলে হবে ১২৯তম।
বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও হারায় টাইব্রেকারে । এরপর কোয়ার্টারে মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে ৪-০ গোলে।
প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হেরেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। এরপর পর্তুগালের বিপক্ষে হারে ৩-১ গোলে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র আর বুরুন্ডির কাছে হারে ২-০ গোলে। তবে আকবর হোসেন রিদনের শিষ্যরা ফিজিকে হারায় ৩-১ ব্যবধানে।
আপনার মতামত লিখুন