দিল্লি থেকে সরে যেতে পারে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে – MZamin
আগামী ডিসেম্বরে ভারত সফরে যাবে শ্রীলঙ্কা। সেই সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। সিরিজ শুরুর হবে ওয়ানডে দিয়ে। আর প্রথম ওয়ানডে হওয়ার কথা রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। তবে সেই ভেন্যু থেকে খেলা সরে যাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ১৩শে ডিসেম্বর ম্যাচটি আয়োজনের কথা থাকলেও তা অন্য ভেন্যুতে সরিয়ে নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুরোধ জানিয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট এসোসিয়েশন (ডিডিসিএ)। সূত্রের বরাতে জানা গেছে, নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন করতে না পারার কথা জানিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে ডিডিসিএ। এর পেছনে একাধিক কারণ উল্লেখ করেছে তারা। এর মধ্যে রয়েছে বছরের এই সময়ে দিল্লির ভয়াবহ বায়ুদূষণ এবং স্টেডিয়ামের সংস্কারকাজ।
সাম্প্রতিক সময়ে দিল্লির বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বিসিসিআইকে এমন চিঠি দিয়েছে ডিডিসিএ। বছরের এই সময়ে ভারতের রাজধানীতে বায়ুর গুণমান সূচক (একিউআই) প্রায়ই বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যায়। গত বছরের ডিসেম্বরে দিল্লির গড় একিউআই ছিল ৩৫১। চলতি বছরের ২রা নভেম্বরও প্রায় একই মাত্রার দূষণ দেখা গেছে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ঝুঁকি এড়াতে চায় সংস্থাটি। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছে, ‘সংস্কারকাজের চেয়ে দিল্লির একিউআইয়ের কারণেই আমরা ম্যাচটি অন্য ভেন্যুতে সরিয়ে নিতে চাই।’ এই মাঠেই ২০১৭ সালের ডিসেম্বরে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচে বায়ু দূষণের কারণে মাঠেই বমি করতে দেখা গিয়েছিল শ্রীলঙ্কান বোলার সুরাঙ্গা লাকমলকে। এবার আর সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না ডিডিসিএ। তাই ম্যাচটি সরিয়ে আগামী বছরের কোনো এক সময়ে আয়োজনের অনুরোধ জানিয়েছে তারা।
সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হওয়ার কথা দিল্লিতে ১৩ই ডিসেম্বর। পরের দু’টি ম্যাচ ১৬ই ডিসেম্বর বেঙ্গালুরু এবং ১৯শে ডিসেম্বর আহমেদাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা। প্রথম ম্যাচের ভেন্যু পরিবর্তন হলে পুরো সিরিজের সূচিতে পরিবর্তন আনতে হবে বিসিসিআইকে।
আপনার মতামত লিখুন