প্রতিদিন চুমু খেতে হবে—সিনেমায় অদ্ভুত শর্ত
ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ংইনস্টাগ্রাম থেকে
প্রতিদিন অন্তত একবার চুমু খেতেই হবে। তা না হলে পরের দিন আর আসবে না। এমন অদ্ভুত শর্ত নিয়ে তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন রোমান্টিক কমেডি সিনেমা ‘কিস ফর টুমরো’। ছবিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন সন সুক-কু ও পার্ক বো-ইয়ং।
সোমবার ছবিটির পরিবেশক নেক্সট এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড জানিয়েছে, পরিচালক কাং হিয়ং-চলের ছবিটির শুটিং শুরু হয়েছে গত শনিবার।
ছবিটির গল্পে দেখা যাবে, প্রতিদিন অন্তত একবার চুমু না খেলে পরের দিনে যেতে পারে না এক দম্পতি। একবার ছুটি কাটাতে ক্রুজ জাহাজে গিয়ে দুজন আলাদা হয়ে যান।
এরপর একে অপরকে খুঁজে বের করার চেষ্টা শুরু করেন তাঁরা। এভাবেই গল্পে যুক্ত হয় টাইম লুপ বা সময়ের চক্রে আটকে যাওয়ার ঘটনা।
মাঠেই চুমু, একসঙ্গে খেলা দেখলেন কেটি পেরি–ট্রুডো
সন সুক-কুকে সর্বশেষ ২০২৪ সালে ‘ট্রল ফ্যাক্টরি’ ছবিতে দেখা গেছে। এ ছাড়া ২০২৫ সালে ডিজনি প্লাসের সিরিজ ‘নাইন পাজলস’-এ অভিনয় করেন তিনি। অন্যদিকে পার্ক বো-ইয়ংকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ২০২৩ সালের ‘কংক্রিট ইউটোপিয়া’ ছবিতে।
২০২৫ সালে টিভিএনের সিরিজ ‘আওয়ার আনরিটেন সিউল’-এ অভিনয় করেছেন তিনি। ‘কিস ফর টুমরো’ তাঁদের একসঙ্গে প্রথম কাজ।
তবে পরিচালক কাং হিয়ং-চলের সঙ্গে পার্ক বো-ইয়ংয়ের আগেও কাজের অভিজ্ঞতা আছে। ২০০৮ সালে পরিচালকের ‘স্ক্যান্ডাল মেকার্স’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান পার্ক। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। ১৮ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা।
কাং হিয়ং-চল এর আগে ‘সানি’ (২০১১), ‘তাজা: দ্য হিডেন কার্ড’ (২০১৪), ‘সুইং কিডস’ (২০১৮) ও ‘হাই-ফাইভ’ (২০২৫) পরিচালনা করেছেন। ‘কিস ফর টুমরো’ তাঁর পরিচালিত প্রথম রোমান্টিক ছবি।
ছবিটির শুটিং হবে দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আপনার মতামত লিখুন