বিগ ব্যাশের গ্যালারিতে থাকছে ‘ফিজ বে’ – MZamin
বিগ ব্যাশের গ্যালারিতে থাকছে ‘ফিজ বে’ – MZamin
0:00 0:00

বিগ ব্যাশের গ্যালারিতে থাকছে ‘ফিজ বে’ – MZamin

খেলা
বিগ ব্যাশের গ্যালারিতে থাকছে ‘ফিজ বে’ – MZamin
নিউজ ডেস্ক
৪ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। টুর্নামেন্টের ১৬তম আসরে তাকে দলে টেনেছে মেলবোর্ন রেনেগেডস। ৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে ঘিরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় সমর্থকদের মাঝে উন্মাদনা বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে দলটি। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রেনেগেডসের হোম ম্যাচগুলোতে গ্যালারির একটি নির্দিষ্ট অংশ রাখা হবে ‘ফিজ বে’ নামে। রেনেগেডসের পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে কাটার মাস্টার মোস্তাফিজকে দলে নেয় মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি।

রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চি মোস্তাফিজের মতো পরীক্ষিত পারফর্মারকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে সমানভাবে উইকেট শিকারের তার যে সহজাত ক্ষমতা, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই জিনিসটিরই ঘাটতি ছিল।’ মোস্তাফিজকে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করেন রেনেগেডসের মহাব্যবস্থাপক ম্যাক্স অ্যাবট বলেন, ‘শুরু থেকেই সে আমাদের সংক্ষিপ্ত তালিকায় ছিল। ইনিংসের শেষ দিকে বোলিং করার মতো দক্ষতা ও বৈচিত্র্য তার আছে, যা অন্য কারও মধ্যে সচরাচর দেখা যায় না। বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজনকে আমাদের সঙ্গে পেয়ে আমরা রোমাঞ্চিত।’ আগামী ১লা জানুয়ারি সিডনি সিক্সার্স এবং ১৬ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে এই বিশেষ গ্যালারি উন্মুক্ত থাকবে।

লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে আনতে এবং মাঠে বসে খেলা উপভোগ করতে উৎসাহিত করতে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিটে ফিজ বে প্রোমো কোড ব্যবহার করে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে মোস্তাফিজ শিকার ৪২৩ উইকেট। রেনেগেডসে যুক্ত হয়ে রোমাঞ্চিত তিনি। মোস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদগ্রীব।

এমসিজি’র মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’ তবে আইএলটি-টোয়েন্টির ব্যস্ততার কারণে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে খেলা হচ্ছে না মোস্তাফিজের। আগামী ২২শে ডিসেম্বর সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে তার অভিষেক হতে পারে। এরপর ১লা জানুয়ারি এমসিজিতে সিডনি সিক্সার্স এবং ৪ঠা জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে একাদশে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মোস্তাফিজ ছাড়া রিশাদও বিগ ব্যাশের এবারের আসরে খেলবেন। ডানহাতি লেগ স্পিনারকে রিটেইন করেছে হোবার্ট হ্যারিকেন্স।