হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনাল আইনে বলা আছে, রায় প্রকাশিত হওয়ার ৩০ দিন পরে আর আপিল গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর অল্টারনেটিভ (বিকল্প) কিছু নেই।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এই কথা জানান তিনি।
ব্যাখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা দণ্ডপ্রাপ্তির আগ থেকে পলাতক জীবন–যাপন করছেন। তাঁকে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশে এসে মামলাগুলো মোকাবিলা করেন। কিন্তু তিনি এগুলো এড়িয়ে গেছেন। রায় প্রকাশিত হওয়ার পর কোনো আপিল দায়ের করেননি। ভবিষ্যতে তাঁর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত বছরের ১৭ নভেম্বর শেখ হাসিনা ও তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে মামলার আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (অ্যাপ্রুভার বা রাজসাক্ষী) পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর বলেন, তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কি করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তা হবে বিচারের সঙ্গে মকারি। অতএব বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই।
আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান-তাহলে সেটি ভারত সরকারকেই লিখিতভাবে তাঁর (শেখ হাসিনা) বলতে হবে। ভারত সরকারের কাছে লিখিতভাবে বলুক যে, এক্সট্রাডিশন চুক্তির আওতায় তাঁকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়। এটাই হবে তাঁর জন্য সঠিক পন্থা। অন্য কোনোভাবে চলে আসবে বা ট্রাভেল পাস চাইবে–এ সব মশকরা করার সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে আসার সদিচ্ছা ছিল না। যদি তাঁর আসার সদিচ্ছা থাকত, তাহলে তিনি মামলা চলমান অবস্থায় এসে মামলা মোকাবিলা করতেন। আসার সদিচ্ছা থাকলে রায় প্রকাশিত হওয়ার ৩০ দিনের মধ্যে এসে আপিল ফাইল করতেন। তাঁর বক্তব্যে মিথ্যাভাবে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের কিছু কিছু ‘নির্বোধ কর্মী’ নানা জায়গায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ হাসিনার রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু নেই।
এ দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, যখন কারও পাসপোর্ট বাতিল হয়ে যায়, তখন বাংলাদেশের পাসপোর্ট রুলস অনুযায়ী আপিল দায়ের করতে হয়। পাসপোর্ট বাতিল হলে পুনরায় পাসপোর্ট ইস্যু করার কোনো দরখাস্ত করা যায় না। আর কোনো পলাতক আসামি আইনের অধীনে কোনো দরখাস্ত করতে পারে না। আইনের অধীনে দরখাস্ত করতে গেলে অবশ্যই আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।
আপনার মতামত লিখুন