Logo
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্ত্রী ডা. জুবাইদা রহমান। ফাইল ছবি

জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

ডেস্ক রিপোর্ট।।

চার দিনের সরকারি সফরে আজ রোববার রাতে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে থাকছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় আরও রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খান।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ ছাড়া তিনি জাপানি ব্যবসায়ী নেতা, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ‘জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম’-এ মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তাঁর বিভিন্ন শিল্প ও জ্বালানি স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া কয়েকটি সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনার কথাও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল
  • সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
  • পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন