বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায় ঘোষণার জন্য তারিখ ঠিক করে দেন। এর আগে গত ৭ অক্টোবর থেকে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মাহবুব উল আলম হানিফ ছাড়া এ মামলার অপর আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী ও কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান। আসামিরা সবাই পলাতক।
গত বছরের ২ নভেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। আর ২৫ নভেম্বর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ। ৮ ডিসেম্বর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যাসহ এই চার আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন।