পর্তুগিজ কোচ ফার্নান্দো মিগুয়েল ডি অলিভেইরা নুনেসকে দায়িত্ব দিলো বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন। ১লা নভেম্বর ডেনমার্কের কোপেনহেগেন থেকে ঢাকায় পৌঁছবেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই হ্যান্ডবল কোচ।
১লা নভেম্বর থেকে ২০শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের জন্য উন্নত প্রশিক্ষণ ক্যাম্পের পরিকল্পনা হ্যান্ডবল ফেডারেশনের। ২৩শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত কাজাখস্তানের আলমাতিতে অনুষ্ঠেয় ২১তম এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে অংশ নেয়া বাংলাদেশ জাতীয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্বে থাকবেন এই পর্তুগিজ কোচ।
পর্তুগাল জাতীয় দলের হয়ে ৭০টি আন্তর্জাতিক সিনিয়র ম্যাচ খেলেছেন ফার্নান্দো। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে ১৯৯২ সালে সুইজারল্যান্ডে ইউরোপীয় অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ, ১৯৯১ সালে লাতিন কাপ চ্যাম্পিয়নশিপ এবং ১৯৯৫ সালে আর্জেন্টিনায় বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ। ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পর্তুগিজ সরকারের ক্রীড়া মেধা পদক কুড়িয়েছেন তিনি। খেলোয়াড় হিসেবে ক্লাবেও ফার্নান্দোর সমৃদ্ধ ক্যারিয়ার। পর্তুগালের ঐতিহ্যবাহী স্পোর্টিং ক্লাব ডি পর্তুগাল, স্পেনের লিগা আসোবালের জুভেন্তুদ দিপোর্তিভা আরাতের জার্সিতে ছিলেন নিয়মিত। তার অর্জনের তালিকায় রয়েছে পর্তুগিজ জাতীয় লীগ শিরোপা, তিনবার পর্তুগিজ কাপ, পর্তুগিজ সুপার কাপ ও ইএইচএফ চ্যালেঞ্জ কাপ। এছাড়া ইএইচএফ চ্যাম্পিয়নস লীগ, ইএইচএফ কাপ এবং কাপ উইনার্স কাপের মতো ইউরোপীয় প্রতিযোগিতাতেও তার পদচারণা ছিল।