তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। এ প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমা আনামের সঙ্গে কাজ করবেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন তিনি।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিরিজটির সম্প্রচারের তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই আলোচনায় এসেছে। বইটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল এডিনবরা বুক ফেস্টিভ্যালে।
উৎসবের বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন লেখক। সেখানেই জানানো হয়, যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশের স্বত্ব কিনেছে। ২০২৮ সালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে উপন্যাসটির। উত্তর আমেরিকায় বইটির প্রকাশনা স্বত্ব কিনেছে ক্যানংগেটের নিয়মিত সহযোগী প্রকাশনা সংস্থা স্ক্রিবনার।
প্রকাশনা সংস্থার ভাষ্য অনুযায়ী, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ ও ‘ইয়েলোফেস’ উপন্যাসের মিশেলে তৈরি হয়েছে ‘গুড বুকস’। বইটিতে উঠে আসবে প্রকাশনা জগতের অন্দরমহল, কীভাবে একটি বই তৈরি হয় এবং কারা সেই বই তৈরির সুযোগ পান। পাশাপাশি রয়েছে আত্মবিশ্বাসের অভাব বা ইমপোস্টার সিনড্রোম কাটিয়ে ওঠার লড়াই। তবে গল্পের কেন্দ্রে থাকবে মা-মেয়ে এবং তাদের জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠা অন্য মানুষদের সম্পর্ক।
১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
উপন্যাসটির গল্পের কেন্দ্রে রায়া চ্যাটার্জি। নিউইয়র্কের একটি বইয়ের দোকানে কাজ করার সময় তার পরিচয় হয় লন্ডনের প্রভাবশালী সাহিত্য প্রতিনিধি প্রু ম্যাকনিলের সঙ্গে। এই একটি পরিচয়ই রায়ার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। শুরু হয় নতুন পেশাজীবন, জন্মশহর লন্ডনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে সামনে আসতে থাকে অতীতে ফেলে আসা নানা গোপন অধ্যায়।
সিরিজটির প্রযোজনায় থাকা পেসসেটার প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন জেসিকা রোডস। সম্প্রতি পিককের গোয়েন্দা-থ্রিলার সিরিজ ‘পোনিস’ প্রযোজনা করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া চার্লি ব্রুকারের জনপ্রিয় সিরিজ ‘ব্ল্যাক মিরর’ এবং আসন্ন কমেডি সিরিজ ‘কাঙ্ক অন সিনেমা’র সঙ্গেও যুক্ত রয়েছে তারা। অন্যদিকে কুডোস যুক্তরাজ্যের অন্যতম পরিচিত টেলিভিশন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘হাউস অব গিনেস’, ‘এসএএস: রোগ হিরোস’ ও ‘গ্রান্টচেস্টার’-এর মতো সিরিজ প্রযোজনার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি।