Logo
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সিলেটে শুরু হচ্ছে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ - MZamin

সিলেটে শুরু হচ্ছে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে ১লা নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ‘রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি এবং সিলেটের ১৩টি উপজেলার ১৩টিসহ মোট ১৪টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার রাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সভাকক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিসিক প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম নাচনের যৌথ পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য দেন। সভায় বক্তব্য রাখেন- সংসদ সদস্য এমএ মালিক, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি হাজী শাহাব উদ্দিন এবং জিয়াউল গনি আরেফিন জিল্লুর, নজিবুর রহমান নজিব, হাজী মিলাদ, আবুল কাশেম।

সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সিলেটের এক উজ্জ্বল নক্ষত্র ও কৃতী সন্তান। তিনি তার কর্মের মাধ্যমে সিলেটকে দেশ জুড়ে গৌরবান্বিত করেছেন। আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়া এই গুণী ব্যক্তিত্বের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। টুর্নামেন্ট আয়োজনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন তিনি। প্রস্তুতি সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ক্রীড়া সংগঠক ও ফুটবল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • উইকেট নিয়ে সর্তক ওয়েস্ট ইন্ডিজ – MZamin
  • জাতীয় সাঁতারে এক যুগ আগের রেকর্ড ভাঙলেন ইরফানা – MZamin
  • ২০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন