Logo
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২ নভেম্বর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল দিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা - MZamin

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল দিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে বাংলাদেশের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে চোট কাটিয়ে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া ও টপ-অর্ডার ব্যাটার টনি ডি জর্জি। এ ছাড়া ব্যাটিংয়ের গভীরতা বাড়াতে সুযোগ পেয়েছেন জুবায়ের হামজা। তবে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্কবাণী দিয়েছেন প্রোটিয়াদের প্রধান কোচ শুকরি কনরাড। অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার ওপর তাগিদ দিয়েছেন দক্ষিণ আফ্রিকা বস। একই সঙ্গে কন্ডিশন ও বাংলাদেশের পেসারদের নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন তিনি।

কনরাড বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন সিরিজের পর আমাদের লক্ষ্য সেই জয়ের ধারা অক্ষুন্ন রাখা। হাইভেল্ডের উইকেট সচরাচর গতিময় ও বাউন্সি হয়, তাই পেস আক্রমণের বিকল্প বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তা আমাদের জানা। এই কন্ডিশনে তাদের পেস আক্রমণও সমান কার্যকর হয়ে উঠতে পারে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে কুঁচকির চোটে ছিটকে যান নরকিয়া। অন্যদিকে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পুরো অস্ট্রেলিয়া সফরই মিস করতে হয় ডি জর্জিকে। তাদের প্রত্যাবর্তনে দল আরও ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন-ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা, জেরাল্ড কুটসিয়া ও সেনুরান মুত্থুসামি।

চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া চলায় নিয়মিত পেসার লুঙ্গি এনগিডিকে এই সিরিজের জন্য বিবেচনা করা হয়নি। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ই নভেম্বর জোহানেসবার্গের ডিপি ওয়ার্ল্ড ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। এরপর ২৩শে নভেম্বর থেকে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি ভেন্যুতেই বাড়তি পেস ও বাউন্স প্রত্যাশা করা হচ্ছে। পেস বিভাগে নরকিয়ার সঙ্গী হিসেবে থাকছেন কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসন। পাশাপাশি অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন করবিন বশ, মার্কো ইয়ানসেন ও উইয়ান মুলদার। স্পিন আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন অভিজ্ঞ কেশব মহারাজ ও সিমন হারমার।

আগামী ১১ই নভেম্বর জোহানেসবার্গে বাংলাদেশ সিরিজের চূড়ান্ত প্রস্তুতি শুরু করবে প্রোটিয়ারা। সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা, মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মাহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

আরও পড়ুন

  • নেগেটিভ ভেবে ক্ষতি করতে চান না বাশার – MZamin
  • এমই গবেষণায় সরকারি তহবিলের দাবিতে সরব ৩৫০ জনের বেশি ক্রীড়াবিদ – MZamin
  • বাবরকে কেনো ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় কোচিং করতে বললেন ইউসুফ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন