ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামক এই বিতর্কিত প্রকল্প বা বিশ্বকাপ বিক্রি চক্রান্ত প্রকাশ্যে আসার ক্ষোভে ফেটে পড়ে উয়েফা তারা ফিফাকে সিদ্ধান্ত গ্রহণ ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে শতাধিক প্রশ্নের উত্তর দেয়ার জন্য ২রা নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়।
ডেডলাইন শেষ হওয়ার ঠিক আগে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম কাউন্সিল সদস্যদের চিঠির মাধ্যমে বলেন, ‘গোপনীয়তা রক্ষার জন্য কঠোর পর্যালোচনা প্রোটোকলের অধীনে আগামী দুই সপ্তাহের মধ্যে নিবন্ধন করে মূল নথিপত্রগুলো দেখার সুযোগ পাবেন সদস্যরা।’
তবে উয়েফার বিশাল প্রশ্নমালার বিস্তারিত জবাব এখনই দিতে পারছে না ফিফা। চিঠিতে গ্রাফস্ট্রোম আরও লেখেন, ‘উয়েফা থেকে আসা চিঠিতে প্রশাসন যতগুলো প্রশ্ন আশা করেছিল, তার চেয়ে অনেক বেশি প্রশ্ন রাখা হয়েছে। সংস্থা বর্তমানে উত্তর তৈরিতে কাজ করছে, যা যথাসময়ে সকল কাউন্সিল সদস্যদের সাথে শেয়ার করা হবে।’
তিনি স্পষ্ট করেন, এফএফই পরিকল্পনা বাস্তবায়নে কাউন্সিলের অনুমোদন জরুরি ছিল এবং পরিকল্পনাটি বাতিল করায় ফিফার কোনো আর্থিক জরিমানা গুনতে হয়নি।
এর আগে উয়েফার আট পৃষ্ঠার চিঠিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলা হয়— ‘এফএফই প্রস্তাব প্রত্যাহার বা ভুল স্বীকার করাটাই যথেষ্ট নয়। মূল সিদ্ধান্তগুলো কীভাবে নেয়া হয়েছিল কিংবা ফিফা কাউন্সিলকে কেন সময়মতো জানানো হয়নি, তার জবাব দিতে হবে। ভবিষ্যতের প্রশাসনিক সংস্কার দিয়ে অতীতের ভুল সিদ্ধান্তের জবাবদিহিতা এড়ানো যাবে না।’
প্রসঙ্গত, আগামী ১৮ই নভেম্বরের মধ্যে ফিফার আসন্ন নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থীতা চূড়ান্ত করার শেষ সময়। তার আগেই উয়েফার এমন আইনি হুমকি ও সুইজারল্যান্ডে ফৌজদারি অভিযোগ দায়েরের হুঁশিয়ারি ইনফান্তিনোর ওপর বড় মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে।