Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন মারামারির ঘটনা - MZamin

ব্রাজিলের ফুটবলে নজিরবিহীন মারামারির ঘটনা – MZamin

ডেস্ক রিপোর্ট।।

মাঠের লড়াইয়ে উত্তেজনা থাকা স্বাভাবিক। কিন্তু সেই উত্তাপ যখন হিংসাত্মক রূপ নেয়, তখন তা খেলার সুন্দর পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। ব্রাজিলের একটি অনূর্ধ্ব-২০ ফুটবল ম্যাচে যা ঘটলো, তা ক্রীড়া ইতিহাসের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। উবারলান্দিয়া ও মামোরির মধ্যকার এক ম্যাচে ঘটে যাওয়া নজিরবিহীন সংঘর্ষ ও বিশ্বরেকর্ড গড়ার মতো ৫৩টি লাল কার্ড প্রদর্শনের ঘটনা পুরো ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে।

ব্রাজিলের মিনাস গেরাইস অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের প্রথম লেগটি মাঠে গড়ানোর পর থেকেই উত্তপ্ত ছিল। ম্যাচটির নির্ধারিত শেষ মুহূর্ত পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকে মামোরি। নির্ধারিত সময়ের যোগ করা নবম মিনিটে তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এরপরই ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ম্যাচ রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশঘিক মোদেস্তোর ম্যাচ রিপোর্ট অনুযায়ী, গোল উদযাপনের সময় মামোরির এক খেলোয়াড় উবারলান্দিয়ার বেঞ্চের দিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন। তাকে বলতে শোনা যায়, ‘নিজেদের চরকায় তেল দাও, এখান থেকে চলে যাও।’

এর পরপরই উবারলান্দিয়ার কোচিং স্টাফের এক সদস্য মাঠে ঢুকে ওই খেলোয়াড়কে ধাক্কা মারলে মুহূর্তেই তা পূর্ণাঙ্গ মারামারিতে রূপ নেয়। দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও অফিশিয়ালরা কিল-ঘুষি এমনকি লাঠিসোঁটা দিয়েও মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে রেফারি মাঠে দাঁড়িয়ে শারীরিকভাবে লাল কার্ড দেখানোর সুযোগই পাননি।

ম্যাচ শেষে হিসাব করে দেখা যায়, দুই দল মিলিয়ে মোট ৫৩টি লাল কার্ড দেখানো হয়েছে। এর মধ্যে ৪৩ জন খেলোয়াড়, ৮ জন কোচিং স্টাফ এবং ২ জন ক্লাব কর্মকর্তা বহিষ্কৃত হয়েছেন। এর মাধ্যমে ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের ম্যাচে অ্যাটলেটিকো ক্লেপোল ও ভিক্টোরিয়ানো আরেনাসের মধ্যকার ম্যাচে ৩৬টি লাল কার্ড দেখানোর দীর্ঘদিনের বিশ্বরেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি হলো।

পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়ামে সামরিক পুলিশ ডাকতে হয় এবং রেফারির ওপর হামলার হুমকির কারণে খেলা প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। ঘটনার পর উবারলান্দিয়া ক্লাব ‘ফেয়ার প্লে’-এর অংশ হিসেবে প্রতিযোগিতা থেকে নিজেদের নাম প্রত্যাহারের ঘোষণা দেয়। ফলে মামোরি সরাসরি ফাইনালে পৌঁছে যায়।

রেকর্ড ৫৩ লাল কার্ড!

আরও পড়ুন

  • পঞ্চাশোর্ধ জুটিতে থিতু হয়ে লাঞ্চে ওয়েস্ট ইন্ডিজ – MZamin
  • সিলেট টেস্টে দুর্দান্ত শুরু বাংলাদেশের – MZamin
  • দু-দুবার পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলো রিয়াল – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন