Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি নয়, কোহলির চোখে এজবাস্টনের সেই ৪৩ রানই সেরা! - MZamin

সেঞ্চুরি নয়, কোহলির চোখে এজবাস্টনের সেই ৪৩ রানই সেরা! – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ক্যারিয়ারজুড়ে সেঞ্চুরির পাহাড় গড়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সেই অমর ১৮৩ কিংবা কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবিস্মরণীয় ১৬০—সবই তার রেকর্ডবুকের রত্ন। তবে এতসব ঝলমলে সেঞ্চুরিকে পেছনে ফেলে বিরাট কোহলি বেছে নিলেন এক ছোট্ট, অথচ চরম চাপের এক ইনিংসকে। স্টার স্পোর্টসের ‘উইনার স্টেপস অন’ চ্যালেঞ্জে নিজের ৩৮তম জন্মদিনে কোহলি জানালেন, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৪৩ রানের সেই ইনিংসটিই তার জীবনের সেরা ওয়ানডে পারফরম্যান্স।

২০১৩ সালের সেই ফাইনালের কথা ক্রিকেটপ্রেমীদের আজও মনে থাকার কথা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে মাত্র ২০ ওভারে। এজবাস্টনের কঠিন উইকেটে ৬৬ রানে ৫ উইকেট হারিয়ে তখন খাদের কিনারায় ধুঁকছে ভারত। চারদিকে চরম উৎকণ্ঠা। ঠিক এমন বিপদের মুহূর্তে দলের হাল ধরেন কোহলি। রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ৪৭ রানের এক জুটি। ৩৪ বলে খেলা তার সেই ৪৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করেই ভারত সম্মানজনক স্কোরে পৌঁছায় এবং শেষ পর্যন্ত নাটকীয়ভাবে ৫ রান জয় ছিনিয়ে নেয়।

চ্যালেঞ্জে কোহলিকে একে একে তার ক্যারিয়ারের বহু ঐতিহাসিক ইনিংসের মুখোমুখি দাঁড় করানো হয়। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে চাপের মুখে খেলা সেই ৩৫ রানের ইনিংসের কথা স্মরণ করে তিনি বলেন, ‘শচীন ও শেহবাগ দ্রুত ফিরে যাওয়ার পর ওই মুহূর্তটি সামলানো সহজ ছিল না।’ গৌতম গম্ভীরের সঙ্গে সেই মহাকাব্যিক জুটি তাকে মুগ্ধ করলেও, শেষ পর্যন্ত ফাইনালে ইংল্যান্ডের ওই ৪৩ রানকেই সবকিছুর ওপরে স্থান দেন তিনি।

অনেকেরই প্রশ্ন থাকতে পারে, প্রায় অর্ধশত ওয়ানডে সেঞ্চুরির মালিক কেন একটি ছোট ইনিংসকে এতটা এগিয়ে রাখলেন? উত্তরটা লুকিয়ে আছে ম্যাচের গুরুত্ব ও পরিস্থিতির বিচারে। কোহলির কাছে ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের জয় এবং চরম প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জটাই ছিল বড়।

আরও পড়ুন

  • ট্রাম্পের সঙ্গে ‘অতি ঘনিষ্ঠতা’ ও বাণিজ্যিক বিতর্কে আইনি জাঁতাকলে ইনফান্তিনো – MZamin
  • পর্দা উঠলো সাফ চ্যাম্পিয়নশিপের – MZamin
  • জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় বন্ধ খেলা – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন