মাস চারেক আগে বাগ্দানের ঘোষণা দেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। পবিত্র কাবা শরিফে হবু বরের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা গেছে, একজন তরুণের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে রয়েছেন নীহা। আরেক ছবিতে একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে।
ছবির ক্যাপশনে নীহা লিখেছেন, ‘আমাদের জীবনের একটি অধ্যায় আমরা ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সেই যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধন উপহার দিয়েছেন এবং তাঁর পবিত্র ঘরে (কাবা শরিফে) একসঙ্গে আসার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের এই সম্পর্ককে সব সময় তাঁর বরকতে পরিপূর্ণ রাখুন।’
চার ঘণ্টার ব্যবধানে পোস্টটিতে ফেসবুকে ২৬ হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। অনেকে এই জুটিকে অভিনন্দন জানান। নীহা কি বিয়ে সেরেছেন?—বিষয়টি অনেকে জানতে চেয়েছেন। বিষয়টি জানতে নীহাকে ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এই বছরের ২৯ জুন ফেসবুকে নিজের ‘এনগেজড’ হওয়ার খবর জানান নীহা। তবে হবু বরের পরিচয় প্রকাশ করেননি। এর আগে খবর ছড়িয়েছিল, পাকিস্তানি নাগরিকের সঙ্গে বাগ্দান সেরেছেন নীহা। খবরটি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেননি নীহা।
সে সময় প্রথম আলোকে নীহা বলেছিলেন, ‘দেখুন, এই এনগেজড হওয়ার কথা কিন্তু কাউকে খুঁজে বের করতে হয়নি। আমি এনগেজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে কোনো একটা উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেজড, সেই পরিচয়ও পেয়ে যাবেন।’