Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
‘সারভাইভিং হারিকেন অটিস’ সিনেমার একটি দৃশ্যে

হারিকেনে ৫২ জন মারা যায়, সেখানে দুই ভাইয়ের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প

ডেস্ক রিপোর্ট।।

মেক্সিকোর আকাপুলকো উপকূলে ২০২৩ সালে আঘাত হেনেছিল ভয়াবহ হারিকেন অটিস। ঘণ্টায় প্রায় ২৬৫ কিলোমিটার বেগের বাতাস, উত্তাল সমুদ্র আর প্রাণঘাতী ঝড়ের মধ্যে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছিলেন বহু মানুষ। সেই বাস্তব দুর্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’।

২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তির পরদিনই সিনেমাটি আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে। ২৪ অক্টোবরের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির এক দিনের মধ্যে এটি নেটফ্লিক্সের বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষে উঠে আসে। সিনেমাটিতে অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। পরিচালনা করেছেন হোর্হে মিচেল গ্রাউ। ৯৬ মিনিটের সিনেমাটি মূলত স্প্যানিশ ভাষায় নির্মিত।

দুই ভাইয়ের বেঁচে থাকার লড়াই
সিনেমাটির গল্পের কেন্দ্রে দুই ভাই—উইরপুল ও ক্যান্ডি। তাদের সম্পর্ক দীর্ঘদিনের দ্বন্দ্ব ও দূরত্বে জর্জরিত। আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় ভয়াবহ এক ঝড়ের মুখে পড়ে তারা। ঝড়টি দ্রুত শক্তিশালী হয়ে পাঁচ মাত্রার হারিকেনে রূপ নেয়। একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, নৌযানটি নিয়ন্ত্রণ হারায় এবং উত্তাল সমুদ্রে প্রাণ বাঁচানোই তাদের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। বিপদের মধ্যে নিজেদের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে একে অপরের ওপর নির্ভর করতে হয় দুই ভাইকে।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত
‘সারভাইভিং হারিকেন অটিস’ নিছক কল্পনানির্ভর দুর্যোগের সিনেমা নয়। এর ভিত্তি বাস্তব দুই নাবিক মারলন ভালদেজ ও জনাথন চিনোর বেঁচে ফেরার অভিজ্ঞতা। ২০২৩ সালের অক্টোবরে হারিকেন অটিসের সময় আকাপুলকোর উপকূলে নৌযানে থাকা অবস্থায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তাঁরা। তাঁদের অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত প্রতিবেদন পড়েই সিনেমাটি নির্মাণের অনুপ্রেরণা পান পরিচালক।
তবে বাস্তবের মারলন ও জনাথন বৈমাত্রেয় ভাই নন, তাঁরা বন্ধু। সিনেমায় তাঁদের অভিজ্ঞতাকে দুই ভাইয়ের গল্পে রূপ দেওয়া হয়েছে। বাস্তবের এই দুই বেঁচে ফেরা নাবিক সিনেমাটির নির্মাণে পরামর্শ দিয়েছেন, অভিনেতাদের নৌযান পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করেছেন। একটি দৃশ্যেও তাঁদের দেখা যায়।

পর্দায় ঝড় তৈরির বড় আয়োজন
এ ধরনের সিনেমায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাস্তবসম্মত ঝড় ও উত্তাল সমুদ্রকে পর্দায় তুলে ধরা। পরিচালকের ভাষ্য অনুযায়ী, সিনেমাটির নির্মাণে তিন বছরে প্রায় ৮০০ মানুষ কাজ করেছেন। তাঁদের মধ্যে প্রায় ৫০০ জনই যুক্ত ছিলেন ভিজ্যুয়াল ইফেক্টসের কাজে।
মেক্সিকো সিটির চুরুবুসকো স্টুডিওতে তৈরি করা হয়েছিল প্রায় ২০০ বর্গমিটারের পানির ট্যাংক। সমুদ্রের দৃশ্য ধারণের জন্য ব্যবহার করা হয় তিনটি আট টন ওজনের নৌযান। বাতাস, ঢেউ ও পানির প্রবাহ বাস্তবসম্মতভাবে দেখাতে ব্যবহার করা হয়েছে বিশেষ যন্ত্রপাতি ও ভিজ্যুয়াল ইফেক্টস। ঝড়ের গতিপথ, বাতাসের দিক ও পানির উচ্চতা পরিবর্তনের তথ্য ধরে দৃশ্যগুলো নির্মাণের চেষ্টা করেছেন নির্মাতারা। পরিচালক হোর্হে মিচেল গ্রাউয়ের কাছে সিনেমাটির উদ্দেশ্য শুধু ভয়াবহ ঝড় দেখানো নয়; তাঁর দৃষ্টিতে, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনের বৈষম্যও সামনে নিয়ে আসে।

নিজেকে কি মেহজাবীনের জায়গায় ভাবেন তটিনী? কী বললেন এই অভিনেত্রী

ঝড়ের আড়ালে সামাজিক বৈষম্যের গল্প
হারিকেন অটিসের সময় অনেক নাবিককে মালিকদের নৌযান দেখাশোনা করার জন্য সেগুলোর কাছেই থাকতে হয়েছিল। ঝড়ের ঝুঁকি জেনেও তাদের দায়িত্ব পালন করতে হয়। ফলে দুর্যোগের মুখে সাধারণ শ্রমজীবী মানুষের অসহায়ত্ব এবং সম্পদশালীদের সম্পদ রক্ষার ব্যবস্থার মধ্যে বৈপরীত্য তৈরি হয়। সিনেমাটিতে সেই সামাজিক বাস্তবতাও উঠে এসেছে। এখানে প্রকৃতি যেমন ভয়ংকর শক্তি, তেমনি মানুষের তৈরি সামাজিক ব্যবস্থাও চরিত্রদের বিপদের দিকে ঠেলে দেয়। নির্মাতারা তাই শুধু দুর্যোগের দৃশ্য নয়, সাধারণ মানুষের সাহস, সম্পর্ক ও বৈষম্যের অভিজ্ঞতাও তুলে ধরতে চেয়েছেন।

২০২৩ সালের হারিকেন অটিসে অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছিল; বহু মানুষ নিখোঁজ হন। সেই বিপর্যয়ের স্মৃতি থেকে তৈরি ‘সারভাইভিং হারিকেন অটিস’ একদিকে বেঁচে ফেরার রুদ্ধশ্বাস গল্প, অন্যদিকে মানুষের সাহস ও সামাজিক বাস্তবতার সিনেমা। নেটফ্লিক্সে মুক্তির পর দ্রুত দর্শকের নজরে আসার পেছনে বাস্তব ঘটনার সঙ্গে এর যোগসূত্রতা।
সূত্র: নেটফ্লিক্স মিডিয়া সেন্টার

আরও পড়ুন

  • লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন
  • ৩ হাজার ৬০০ কোটি টাকার সম্পদের মালিক টাইটানিকের জ্যাক
  • মডেল তিন্নির মরদেহ মিলেছিল বুড়িগঙ্গা সেতুর নিচে, মামলার সর্বশেষ অবস্থা কী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন