ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকির জীবনের শুরুটা ছিল বেশ কঠিন। মাত্র আট বছর বয়সে কাজ শুরু করেছিলেন তিনি। একটি ছোট দোকানে বিভিন্ন জিনিস বিক্রি করে দিনে আয় করতেন ১০ থেকে ২০ রুপি।
আর্থিক সংকটের কারণে ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। সম্প্রতি এক পডকাস্টে নিজের শৈশব ও সংগ্রামের দিনগুলোর কথা বলেছেন এই কৌতুকশিল্পী।
সাবেক টেনিস তারকা সানিয়া মির্জার পডকাস্ট ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’তে অতিথি হয়ে এসেছিলেন মুনাওয়ার। সেখানে জীবনের প্রথম দিকের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
মুনাওয়ার বলেন, ‘আমার বয়স যখন আট বছর, তখন থেকেই কাজ শুরু করি। একটি ছোট দোকানে কাজ করতাম। বিভিন্ন জিনিস বিক্রি করতাম। দিনে ১০ থেকে ২০ রুপি আয় হতো। ১১ বছর বয়সে একটি উপহারের দোকানে কাজ শুরু করি। সেখানে দুই থেকে চার মাস কাজ করেছিলাম। তবে আমার প্রথম নিয়মিত কাজ ছিল একটি বাসনপত্রের দোকানে।’
পড়াশোনায় ভালো ছিলেন মুনাওয়ার। সহপাঠীদের মধ্যে বরাবরই ভালো ফল করতেন। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ হয়েছিল তাঁর। এরপর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
এ নিয়ে আক্ষেপ আছে কি না, জানতে চাইলে মুনাওয়ার বলেন, ‘আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েছি। ক্লাসে প্রথম হতাম। তবে পড়াশোনা চালিয়ে যেতে না পারায় কখনো খুব বেশি হতাশ হইনি। এখন পেছনে ফিরে বুঝতে পারি, কাজ করতে আমি কতটা ভালোবাসি।’
গোপনে দ্বিতীয় বিয়ে করলেন মুনাওয়ার ফারুকী, পাত্রী মেহজাবিন কোটওয়ালা
কাজের প্রতি নিজের আগ্রহের কথাও জানিয়েছেন মুনাওয়ার। তাঁর ভাষায়, প্রতিদিন কাজ করতে ভালো লাগে তাঁর। ছুটি কাটানোর চেয়ে কাজ করা, অর্থ উপার্জন এবং পরিশ্রম করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
মুনাওয়ার বলেন, ‘আমি কাজ করতে, অর্থ উপার্জন করতে এবং পরিশ্রম করতে ভালোবাসি। এতে ক্লান্তি আসে না। অনেকে বলেন, আমি অনেক পরিশ্রম করি। কিন্তু আমার মনে হয়, সবাই আমার মতোই পরিশ্রম করেন।’
গুজরাটের জুনাগড় থেকে কিশোর বয়সে মুম্বাইয়ে পাড়ি জমান মুনাওয়ার। মায়ের মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে তাঁকে নানা ধরনের কাজ করতে হয়েছে। পরে স্ট্যান্ডআপ কমেডি ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পরিচিতি পান তিনি।
২০২২ সালে রিয়েলিটি শো ‘লকআপ’-এর প্রথম আসরে বিজয়ী হয়ে ব্যাপক পরিচিতি পান মুনাওয়ার। এরপর ২০২৪ সালে ‘বিগ বস ১৭’-এর শিরোপা জেতেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রেইটার্স ইন্ডিয়া ২’ অনুষ্ঠানেও অংশ নিয়েছেন এই কৌতুকশিল্পী।