Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের - MZamin

নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র আট দিন। ঠিক এমন মুহূর্তে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলো যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতা ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার জেরে খেলোয়াড় ও স্টাফদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইউএস সকার ফেডারেশন (ইউএসএসএফ)।

খেলোয়াড়দের উদ্দেশে পাঠানো এক চিঠিতে ফেডারেশন জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘সশস্ত্র সংঘাতের ঝুঁকির’ কারণে নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। চিঠিতে লেখা হয়, ‘দুর্ভাগ্যবশত, বর্তমান পরিস্থিতির আলোকে আমরা আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারছি না। আমাদের খেলোয়াড় ও স্টাফদের কল্যাণই সবসময় আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই পরিস্থিতিতে আমাদের সবার সম্মিলিত হতাশা এবং ইউএস সকারের প্রতি আপনাদের অঙ্গীকারের জন্য আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন।’

বুধবার ফিফাকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। তবে ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর ৩০ দিনের মধ্যে কোনো দল নাম প্রত্যাহার করলে তাদের ২০ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ২৪ হাজার মার্কিন ডলার) জরিমানা গুনতে হয়।

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার জেরে পুরো অঞ্চলের ক্রীড়াঙ্গনেই এখন অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তার কারণে ইতোমধ্যে ২০২৭ এশিয়ান কাপ প্রায় এক বছর পিছিয়ে দেয়া হয়েছে এবং কাতারও ২০২৮ রাগবি নেশনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে।

আগামী ১৯শে নভেম্বর দোহায় পর্দা উঠতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের। সেখানে ‘জে’ গ্রুপে মন্টিনিগ্রো, আলজেরিয়া ও চিলির সঙ্গে খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই সরে দাঁড়ানো টুর্নামেন্টের সূচিতে বড় ধাক্কাই দিলো।

আরও পড়ুন

  • ইতালি পরীক্ষার আগে অস্বস্তিতে ফ্রান্স কোচ জিদান – MZamin
  • ‘কমফোর্ট জোন’ ভাঙতে গিয়ে চাকরি হারিয়েছেন দাবি কোচ সারোয়ার ইমরানের – MZamin
  • বল টেম্পারিং নিয়ে খাজার বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন স্টার্ক – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন