Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ বাংলাদেশি - MZamin

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ বাংলাদেশি – MZamin

ডেস্ক রিপোর্ট।।

নানা নাটকীয়তা, অনিশ্চয়তা ও তিক্ত অভিজ্ঞতার পর আবারো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলার স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আসন্ন ২০২৭ মৌসুমের মিনি নিলামের জন্য ইতোমধ্যে নাম নিবন্ধন করেছেন সাত বাংলাদেশি ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়।

গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েও শেষ পর্যন্ত আইপিএলে খেলার সুযোগ হয়নি মোস্তাফিজের। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার পর তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই সিদ্ধান্ত ঘিরে দুই দেশের ক্রিকেটাঙ্গনে তৈরি হয় ব্যাপক আলোচনা ও উত্তেজনা। তবে সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের পথে। এবার সেই অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন করে নিলামে নাম লেখালেন বাংলাদেশের অন্যতম সেরা এই পেসার।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন হাসান মাহমুদ। বিভিন্ন সংস্করণে ধারাবাহিক পারফরম্যান্স এবং উইকেট নেয়ার সামর্থ্য তাকে নিলামে আকর্ষণীয় করে তুলতে পারে। অন্যদিকে, গতির ঝড় তোলা নাহিদ রানাকে ঘিরেও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পেসারদের বাইরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রিশাদ হোসেন ও তাওহীদ হৃদয়। বিগ ব্যাশে রিশাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তার টি-টোয়েন্টি সামর্থ্যের পরিচয় দিয়েছে। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর হওয়ায় আইপিএলে তিনি হতে পারেন সম্ভাবনাময় বিকল্প। হৃদয়ের ধারাবাহিক ব্যাটিংও তাকে নিলামের আলোচনায় রাখতে পারে।

আগামী ১৬ই ডিসেম্বর ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। ২৩শে নভেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড়দের নিবন্ধন, আর চূড়ান্ত তালিকা প্রকাশের কথা রয়েছে ৩রা ডিসেম্বর। সর্বশেষ মেগা নিলামে নিবন্ধিত বাংলাদেশের ১৩ ক্রিকেটারই এবার নাম দেয়ার সুযোগ পাচ্ছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে আরও বাংলাদেশির নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২৭ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মোট ব্যয়ের সীমা নির্ধারণ করা হয়েছে ১৫৭ কোটি রুপি। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার রাখতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ আটজন।

আরও পড়ুন

  • সাদকে নিয়ে বড় দুঃসংবাদ দিলেন জামাল – MZamin
  • নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের – MZamin
  • ইতালি পরীক্ষার আগে অস্বস্তিতে ফ্রান্স কোচ জিদান – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন