Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
এবার টেলিভিশনের পর্দায় রোনালদো, শুরু হচ্ছে ‘ডে ওয়ানস’ - MZamin

এবার টেলিভিশনের পর্দায় রোনালদো, শুরু হচ্ছে ‘ডে ওয়ানস’ – MZamin

ডেস্ক রিপোর্ট।।

ফুটবল মাঠে একের পর এক ইতিহাস গড়ার পর এবার বিনোদনজগতে নতুন ম্যাচ শুরু করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফুটবলকে কেন্দ্র করে নির্মিত এই নাট্যধর্মী সিরিজে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন আল নাসরের এই তারকা।

বৃটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর মার্ভ স্টুডিওজের ব্যানারে তৈরি হচ্ছে সিরিজটি। মাঠের বাইরের ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তৃত করার অংশ হিসেবেই টেলিভিশন প্রযোজনায় যুক্ত হয়েছেন ৪১ বছর বয়সী রোনালদো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সিরিজটির নির্মাণ শুরুর খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। ৬৮১ মিলিয়ন অনুসারীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘দারুণ খবর! আমার প্রথম টেলিভিশন শো ‘ডে ওয়ানস’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’

সিরিজটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন ফ্রান্স ও আর্সেনাল কিংবদন্তি আর্সেনালের কিংবদন্তি থিয়েরি অঁরি। পর্দায় তিনি হাজির হবেন নিজের চরিত্রেই। একইভাবে রোনালদোকেও দেখা যাবে নিজেকে কেন্দ্র করেই। ঘোষণার সঙ্গে শুটিংয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন রোনালদো। সেসব ছবিতে দেখা গেছে বৃটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস ও জনপ্রিয় বৃটিশ র্যা পার ডেভকে। একটি ছবিতে উঠে এসেছে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের ড্রেসিংরুমের দৃশ্য। এতে সিরিজটির গল্পে ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির বাস্তব আবহ থাকার ইঙ্গিত মিলেছে।

‘ডে ওয়ানস’-এর গল্প আবর্তিত হবে ফুটবল এজেন্ট স্ট্যানলি ডাল্টনকে ঘিরে। কাল্পনিক এই চরিত্রে অভিনয় করবেন ড্যামিয়ান লুইস। খেলোয়াড়দের দলবদল, চুক্তি, অর্থনৈতিক হিসাব-নিকাশ এবং ফুটবল ব্যবসার জটিল ও প্রতিযোগিতামূলক জগতে নানা চ্যালেঞ্জ সামলাতে হবে তাকে।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেয়ার পর রোনালদোর ক্যারিয়ারে এটি নতুন অধ্যায়। খেলোয়াড়ি জীবনের পাশাপাশি ব্যবসা ও বিনোদনশিল্পে নিজের অবস্থান শক্ত করার প্রচেষ্টায় এবার যুক্ত হলো টেলিভিশন প্রযোজনা। তবে ‘ডে ওয়ানস’ কবে এবং কোন মাধ্যমে দর্শকদের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

  • ৬৪ বছর পর ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয় ইতালির – MZamin
  • ‘হামজাকে নিয়ে ভাবছি না, আমাদেরও দুর্দান্ত খেলোয়াড় আছে’ – MZamin
  • ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব অভিযোগ’, খাজাকে কড়া জবাব কামিন্সের – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন