Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: আজকের পত্রিকা

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট।।

সত্যিই দেশে ফিরতে চাইলে সীমান্তে চলে আসতে পারেন শেখ হাসিনা। বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাঁকে দেশে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘সত্যিই দেশে ফিরতে চাইলে সীমান্তে চলে আসতে পারেন। বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী তাঁকে নিয়ে আসবে। ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন দিয়ে দেশে ফেরার চেষ্টা করলে রাজনীতিতে আরও বিচ্ছিন্ন হতে হবে।’

ডিএসসিসি প্রশাসক বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। মানুষ শান্তিতে ও সুখে থাকতে চায়, নিজেদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এই লক্ষ্য পূরণে বিএনপিকে এগিয়ে যেতে হবে।

আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরিয়ে দিলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ৭ নভেম্বরের চেতনায় আবারও সবাইকে সুসংগঠিত হতে হবে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, তাঁদের আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। আবার নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর প্রতি ধৈর্য ধরে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও গাড়ি পুড়িয়ে জনগণের মন জয় করা যাবে না। এসব কর্মকাণ্ড থেকে সরে এসে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। বিএনপির ওপর দীর্ঘদিন অত্যাচার-নির্যাতন চালানো হলেও দলটি জ্বালাও-পোড়াও বা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে যায়নি। অস্ত্রবাজি ও সহিংসতার রাজনীতি জনগণ গ্রহণ করে না।

আব্দুস সালাম আরও বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ পাওয়া যেত না। সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ৭ নভেম্বরের চেতনা সম্পর্কে জানানোর ওপর গুরুত্ব দেন আব্দুস সালাম।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি
  • ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান
  • ১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন