জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে আইনি সুযোগ দেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা আইনি প্রক্রিয়া বা সুযোগেই বাংলাদেশে আসবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। প্রত্যর্পণ চুক্তির আওতায় যখন তাঁকে প্রত্যর্পণ করা হবে, সেটা একটা আইনি প্রক্রিয়া। ওনারা (ভারত) কী করবেন, সেটা উনাদের বিষয়।’
শেখ হাসিনার আইনি অধিকার ও দেশে ফেরা প্রসঙ্গে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ও সংবিধানের প্রসঙ্গ টানেন আইনমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না।
এছাড়া শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা ওনারা (ভারত) বলতে পারবেন।’
তবে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়ালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আপনি বেশ কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা বলেছেন। দেখুন, সে বিষয়ে আমার বলার কিছু নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত পাঠাতে ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।
এরই মধ্যে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে যেকোনো মূল্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছে একটি ব্রিটিশ আইনি সংস্থা।
এদিকে গতকাল শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের সম্মতি ছাড়া শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেননি। তবে তাঁর প্রত্যাবর্তনের ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে দুটি অনানুষ্ঠানিক শর্তের কথা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রথমত, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সামরিক বাহিনীর এয়ারক্র্যাফটে ভারতে গিয়েছিলেন, তাই তাঁকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকে করতে হবে (স্থল বা আকাশপথে)। দ্বিতীয়ত, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নতুন করে শুরু হয়—বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।