বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ি ‘জলসা’কে কেন্দ্র করে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে। বাড়িটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৩ সালে করা একটি দানপত্রের (গিফট ডিড) বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তাঁর অভিযোগ, নিজের অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল।
বিষয়টি এখন মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। গত সাত মাসে রামোলার করা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিও শুরু হয়েছে।
সেদিন মৃত্যুর মুখে পড়েও ফিরে এসেছিলেন অমিতাভ
বিরোধের কেন্দ্রে রয়েছে বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে বলে জানা গেছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম উল্লেখ আছে। সরকারি নথি থেকে রামোলার নাম সরিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে বিষয়টি আবার সামনে আসে।
দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন
রামোলার অভিযোগ, শুরুতে ‘জলসা’র নিবন্ধন তাঁর নামেই হয়েছিল। পরে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে ওই দলিল কীভাবে তৈরি করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর দাবি, দলিলটি সে সময় সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল। এ জন্য প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও পরিশোধ করা হয়নি। এমনকি দলিলে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন রামোলা।
বিষয়টি নিয়ে ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। তবে এখনো বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।
এ বিষয়ে অমিতাভ বচ্চনের কাছে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।
রেডিওতে ফেল, দেউলিয়া হয়েছিলেন, তবু হার মানেননি অমিতাভ বচ্চন
মুম্বাইয়ের অন্যতম পরিচিত তারকাবাড়ি ‘জলসা’। দীর্ঘদিন ধরে এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে অমিতাভের ভক্তদের প্রতি তাঁর বিশেষ ভালোবাসার এক রীতি। প্রতি রোববার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বছরের পর বছর ধরে চলা এই রীতি ‘জলসা’কে শুধু একটি তারকাবাড়ি নয়, অমিতাভের ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণের জায়গায় পরিণত করেছে।
এনডিটিভি অবলম্বে