Logo
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আবেগ পাশে রেখে সেরা প্রস্তুতি চান সিমন্স - MZamin

আবেগ পাশে রেখে সেরা প্রস্তুতি চান সিমন্স – MZamin

ডেস্ক রিপোর্ট।।

নিজ দেশের বিপক্ষে লড়াই, কিন্তু আবেগের কোনো জায়গা নেই। ফিল সিমন্সের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের জয়। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজে ভালো করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে সমীহ করলেও নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট প্রধান কোচ সিমন্স। ক্যারিবীয় এই কোচের বিশ্বাস, সেরা ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।

গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিমন্স জানান, খেলোয়াড়েরা প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে টেস্টের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছে দল। একদিন আগে দেশে ফেরা কোচ অবশ্য এখনো উইকেট দেখেননি। তবে অনুশীলনে দলের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তিনি। সিমন্স বলেন, ‘আমরা প্রতি ম্যাচেই সেরাটা খেলার চেষ্টা করি।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ দুই টেস্ট সিরিজে অনেক ভালো খেলেছে। ভারতে দুর্দান্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে এসেছে তারা। আমাদের সেরা প্রস্তুতিই প্রয়োজন। প্রস্তুতি নিয়ে আমি খুশি। টেস্টের ছেলেরা কঠোর পরিশ্রম করছে। যারা সাদা বলে খেলেছে, তারাও এখন পরিশ্রম করছে।’ ওয়েস্ট ইন্ডিজের হয়ে একসময় খেলেছেন, নেতৃত্বও দিয়েছেন সিমন্স। এবার সেই দলকেই হারানোর লক্ষ্য তাঁর। তবে পুরোনো সম্পর্ককে সামনে আনতে চান না বাংলাদেশের প্রধান কোচ।

তিনি বলেন, ‘আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমি ওই দলের নেতা ছিলাম। এখনো বিজয়ী দলেই থাকতে চাই। আমার আগের দল খেলতে আসছে বলে এত আবেগপ্রবণ আমি নই। আমি এই সিরিজ বাংলাদেশের হয়ে জিততে চাই।’ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগও এবার প্রথমবারের মতো বাংলাদেশের সামনে এসেছে। সেই লক্ষ্য পূরণে খেলোয়াড়দের মনোযোগে কোনো ঘাটতি দেখছেন না কোচ। আবুধাবি টেস্টেও দলের ক্রিকেটাররা মনোযোগী ছিলেন বলে জানান তিনি। সিমন্স বলেন, ‘টেস্টে সবার ভীষণ মনোযোগ রয়েছে। আবুধাবি টেস্টেও একই মনোযোগ ছিল। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়।

এবারই সুযোগটা প্রথম এসেছে। ছেলেরা মুখিয়ে আছে।’ গতকাল বোর্ড সভাপতির সঙ্গে দলের পাঁচ-ছয়জন খেলোয়াড় ও সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের একটি বৈঠকেও উপস্থিত ছিলেন সিমন্স। সেখানে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ এবং খেলোয়াড়দের উন্নতির উপায় নিয়ে আলোচনা হয়। তবে এই বৈঠককে সিরিজের প্রস্তুতিতে বাধা মনে করছেন না তিনি। কোচের ব্যাখ্যা, আলোচনা ছিল সামগ্রিকভাবে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে নয়। এই সিরিজে পেসার নাহিদ রানাকে পাচ্ছে না বাংলাদেশ। তাঁর গতি দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও বিকল্প খেলোয়াড়দের ওপর আস্থা রাখছেন সিমন্স। অস্ট্রেলিয়ায় নাহিদকে ছাড়াই দল জিতেছে, সেই উদাহরণও টেনেছেন তিনি। নাহিদের পুনর্বাসন চলছে। ৩০ অক্টোবর থেকে তাঁর বোলিং শুরু করার সম্ভাবনা থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়।

সিমন্স বলেন, ‘নাহিদের মতো প্রতিভাকে তো মিস করতেই হবে। তবে অস্ট্রেলিয়ায় তাকে ছাড়াই আমরা জিতেছি, ভালো খেলেছি। তাকে মিস করব, তবে কেউ না কেউ ওর কাজ করে দেবে। এত দ্রুত বল হয়তো করতে পারবে না, তবে দায়িত্ব নিতে পারবে। দক্ষিণ আফ্রিকায় থাকবে কি না, জানি না। আমরা ওকে নিয়ে কাজ করছি।’ এদিকে ব্যাটিং নিয়েও প্রশ্ন রয়েছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও সিমন্স মনে করেন, তাঁরা পরিকল্পনা অনুযায়ী খেলেছেন। উইকেট প্রত্যাশার চেয়ে ভালো আচরণ করায় ম্যাচটি জেতা উচিত ছিল বলে মনে করেন তিনি। লিটন দাস আগামী দুই দিন দলের সঙ্গে অনুশীলন করবেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ওয়ানডে দলে মুমিনুল হকের জায়গা নিয়েও প্রশ্নের জবাবে সিমন্স বিষয়টি বিবেচনায় রাখার কথা বলেছেন। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন বাংলাদেশের কোচ। প্রতিপক্ষ নিজেদের মাঠে ভালো খেলে, তবে সিমন্সের প্রত্যাশা-প্রস্তুতির ধারাবাহিকতা মাঠেও ধরে রাখবে দল।

আরও পড়ুন

  • পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চয়তায় এসএ গেমস – MZamin
  • এশিয়ান ট্র্যাডিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ – MZamin
  • আমের খানকে নিয়ে বাফুফে অপেশাদারিত্ব! – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন