অবৈধ পথে বিদেশে যাওয়া বন্ধ, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানো এবং বিদেশে সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ আশাবাদী করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
একই সঙ্গে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আজ বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ উপস্থিত ছিলেন।
অবৈধ অভিবাসন ও হুন্ডির বিরুদ্ধে সতর্ক করে মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশে যাওয়া এবং অবৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এসব কর্মকাণ্ডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যে দেশে কর্মীরা যাবেন, সে দেশের আইন যথাযথভাবে মেনে চলতে হবে, যাতে কয়েকজনের অপকর্মের দায় পুরো দেশকে নিতে না হয়।
প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের হুঁশিয়ার করে তিনি বলেন, দেশে বা বিদেশে অবস্থান করে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাঁদের এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাঁদের আইনের আওতায় আনা হবে।
রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, সৎ ও বৈধভাবে ব্যবসা পরিচালনা করলে সরকার সহযোগিতা করবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের হয়রানি ও আর্থিক শোষণ বন্ধে এজেন্সিগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।