Logo
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  |  প্রিন্ট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
মেরিন একাডেমিতে ভর্তি কার্যক্রম ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিতে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নৌপরিবহন সচিব মো. আতাউর রহমান। ছবি: আজকের পত্রিকা

মেরিন একাডেমিতে ভর্তি ও প্রশিক্ষণের মানে আপস নয়: নৌপরিবহন সচিব ‎

ডেস্ক রিপোর্ট।।

‎দেশে দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরিতে মেরিন একাডেমিগুলোকে ভর্তির যোগ্যতা ও প্রশিক্ষণের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান। তিনি বলেছেন, কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তাঁরা আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন।

আজ ‎বৃহস্পতিবার রাজধানীতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তি কার্যক্রম ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের সব সরকারি ও বেসরকারি মেরিন একাডেমির প্রধানেরা উপস্থিত ছিলেন।

‎নৌপরিবহন সচিব বলেন, দেশের তরুণদের জন্য কারিগরি পেশায় আরও বেশি সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ। একাডেমিতে ভর্তি হওয়া ক্যাডেটদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। তাঁদের যোগ্যতা ও প্রশিক্ষণের মান এমন হতে হবে, যাতে তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করতে পারেন।

‎তিনি আরও বলেন, দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করা মেরিন খাতের প্রধান দায়িত্ব। এসব নাবিক ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এ জন্য প্রতিটি একাডেমিকে শিক্ষার গুণগত মান কঠোরভাবে বজায় রাখতে হবে।

‎সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তির আবেদন ও প্রক্রিয়াকরণসহ মোট ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা।

‎সভায় উপস্থিত একাডেমি প্রধানেরা সচিবের নির্দেশনাকে স্বাগত জানান। বাংলাদেশের মেরিন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকারও করেন তাঁরা।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • অনেক বিচারক বেলা ১১টায় আসেন, দেড়টা-দুইটায় চলে যান —এটা চলবে না: আইনমন্ত্রী
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি
  • ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন