Logo
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে প্রথম ওয়ানডে মিস কনওয়ের - MZamin

সতীর্থের সঙ্গে ধাক্কা খেয়ে প্রথম ওয়ানডে মিস কনওয়ের – MZamin

ডেস্ক রিপোর্ট।।

অকল্যান্ডের ইডেন পার্কে এক অদ্ভুত ও অনভিপ্রেত দুর্ঘটনায় নিউজিল্যান্ড শিবিরে বড় ধরনের ধাক্কা লাগলো। ভারতের বিপক্ষে আগামীকাল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারছেন না দলের অভিজ্ঞ ওপেনার ডেভন কনওয়ে। অনুশীলনের সময় পেসার ম্যাট হেনরির সঙ্গে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুশীলনের সময় দুই সতীর্থ মারাত্মকভাবে ধাক্কা খান। সঙ্গে সঙ্গে মাঠেই চিকিৎসাসেবা দেয়া হলেও কনওয়েকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। স্ক্যান ও পরীক্ষা-নিরীক্ষার পর তার কনকাশন বা মস্তিষ্কে আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা।

ম্যাট হেনরি কনকাশন টেস্ট পাস করে সুস্থ থাকলেও কনওয়ের ছিটকে যাওয়া কিউইদের জন্য বড় ক্ষতি। অধিনায়ক মিচেল স্যান্টনার এক সংবাদ সম্মেলনে হতাশা প্রকাশ করে বলেন, ‘এটি সত্যিই অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি দুর্ঘটনা। কনওয়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে ছিল।’

চোটের তালিকা নিউজিল্যান্ড দলে দীর্ঘতর হচ্ছে। এর আগে হ্যামস্ট্রিং ও কাঁধের চোটে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্র। কনওয়ের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া টিম সাইফার্ট প্রথম ম্যাচে ওপেনিংয়ে নামবেন বলে নিশ্চিত করেছেন স্যান্টনার।

ইডেন পার্কের ছোট বাউন্ডারি এবং পিচের বাউন্স নিয়ে কৌতূহলী দুই দলই। ভারতের বিপক্ষে সম্প্রতি ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারের ক্ষত ভুলে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে স্বাগতিকরা। তবে মাঠের বাতাস, ক্যাচিংয়ের চ্যালেঞ্জ আর স্থানীয় সময় বিকাল ৩টায় ম্যাচ শুরু হওয়ায় শিশিরের প্রভাব—সব মিলিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি দুদলই। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে সকাল ৮টায়।

স্যান্টনার আশাবাদী যে ঐতিহ্যবাহী উইকেটের সুবিধা পেসাররা পাবেন। তিনি বলেন, ‘যদি আমরা ঘাসযুক্ত বা বাউন্সি উইকেট পাই, তবে তা দারুণ হবে। আর যদি উইকেট ফ্ল্যাট হয়, তবে আমাদের দল হিসেবে দ্রুত মানিয়ে নিতে হবে।’

আরও পড়ুন

  • জুরিখের সদর দপ্তরে ‘বিশ্বকাপ বিক্রির নথি’ দেখাবে ফিফা – MZamin
  • আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাক্সওয়েল – MZamin
  • ১৪ বছর পর অ্যানফিল্ড জয়ে ‘খুশি ও গর্বিত’ আর্সেনাল কোচ – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন