Logo
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শাকিব খান ও কিনজা হাশমীছবি : কোলাজ

পাকিস্তানের কিনজা হাশমীকে ঘিরে কৌতূহল সিনেমাপাড়ায়, শাকিবের জুটি?

ডেস্ক রিপোর্ট।।

ইরিন জামান ছিলেন শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’র নায়িকা। সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘রকস্টার–এ তাঁর বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। মাঝের ২৭ বছরে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দেশ–বিদেশের ৭০ জনের বেশি নায়িকা। শুধু বাংলাদেশে নয়, কলকাতা, বলিউড এমনকি হলিউডের মডেল ও অভিনয়শিল্পীরাও হয়েছেন তাঁর সিনেমার নায়িকা। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমী। শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তাঁর নায়িকা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছেন না ছবির পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান। ফলে আনুষ্ঠানিক ঘোষণার আগেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

শাকিব খান, হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’ মুক্তি পাবে ২০২৭ সালের ঈদুল আজহায়। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই সবচেয়ে বেশি আলোচনা চলছে শাকিবের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে। শুরুতে পাকিস্তানের কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম সামনে এসেছিল। সেই তালিকায় ছিলেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিম। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, তাঁদের কেউ নন, শাকিবের নতুন নায়িকা চূড়ান্ত হয়েছেন কিনজা হাশমী, এরই মধ্যে তাঁর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে।

নায়িকা নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হলেও এখনই তাঁর ব্যাপারে কিছুই বলতে চাইছে না প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। জানা গেছে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাকিবের নতুন নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ কারণে ‘মহব্বত’-এর প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের সঙ্গে দেখা গেছে লাল ওড়না ও সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর হাত। কিন্তু মুখটি আড়ালেই রাখা হয়েছে।

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমী। ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। শুরু থেকেই টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিতি পান। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করেছেন কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাঁকে।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও পরিচিতি রয়েছে তাঁর। পাকিস্তানের বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করা এই অভিনেত্রী এবার বাংলাদেশের সিনেমায় যুক্ত হলে সেটি হবে তাঁর ক্যারিয়ারের নতুন এক অধ্যায়।

শাকিবের বিপরীতে বিদেশি নায়িকা নতুন নয়

শাকিব খানের বিপরীতে ভিনদেশি অভিনয়শিল্পীর অভিনয় এবারই প্রথম নয়। দেশের বাইরের নায়িকার মধ্যে শ্রাবন্তী, পাওলি দাম, শুভশ্রী, স্বস্তিকা, সায়ন্তিকা, ইধিকা পাল, সৌনাল চৌহান, দর্শনা বণিক, মিমি চক্রবর্তী, জ্যোতিমর্য়ী কুন্ডু প্রমুখ।

হিমেল আশরাফ ও আরশাদ আদনানের সঙ্গে তাঁর আগের দুই সিনেমাতেও ছিলেন বিদেশি নায়িকা। ‘প্রিয়তমা’য় শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার ইধিকা পাল। ছবিটি মুক্তির পর বাংলাদেশি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। পরে কলকাতার জনপ্রিয় দুই তারকা জিৎ ও দেবের বিপরীতেও অভিনয় করেছেন ইধিকা। অন্যদিকে এই ত্রয়ীর দ্বিতীয় সিনেমা ‘রাজকুমার’-এ শাকিবের নায়িকা ছিলেন যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনয়শিল্পী কোর্টনি কফি। এবার ‘মহব্বত’-এ পাকিস্তানের কিনজা হাশমীকে নেওয়ার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতাই বজায় রাখতে যাচ্ছেন নির্মাতারা।

শাকিব খানের ২৫৫ সিনেমার মধ্যে সবচেয়ে বেশি জুটি হয়েছেন অপু বিশ্বাস—তাঁরা দুজন ৭২টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। দীর্ঘ যাত্রায় এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক দেশের অভিনয়শিল্পীর নাম। তবে হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী কিংবা দুর-ই-ফিশানকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত কিনজা হাশমীই কি হতে যাচ্ছেন ‘মহব্বত’-এর নায়িকা? সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, সেই সম্ভাবনাই প্রবল। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে ‘মহব্বত’-এর শুটিং। পরিকল্পনা অনুযায়ী, শুটিং শেষ করে ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে সিনেমাটি।

আরও পড়ুন

  • মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’
  • প্রতিদিন লাখ লাখ ভিউ! বিশ্বজুড়ে ঝড় তুলেছে সম্পর্কের গল্প
  • ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন