এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত রাইজিং স্টারস টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা খেলে থাকেন। এবার বয়সের সেই বাধ্যবাধকতা নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে টুর্নামেন্টের জন্য দলগুলো ‘এ’ দলকে পাঠাচ্ছে। বাংলাদেশও হেঁটেছে একই পথে। টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান, নাঈম শেখ, ইয়াসির রাব্বি ও আফিফ হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটার। জাতীয় দলের পাইপলাইনে বিকল্প ক্রিকেটার ভাবনায় তাদের দলভুক্ত করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, “প্রথমেই বলে নেই, এই যে দলটা যাচ্ছে, এটা আসলে ইমার্জিং দল নয়। এটা আমাদের ‘এ’ দল। বাকি দলগুলোও তাদের ‘এ’ দল পাঠাচ্ছে। আগে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব-২৩ দলের চারজন খেলোয়াড়ের বাইরে অন্যদের নেয়ার নিয়ম ছিল। কিন্তু গত বছর থেকে আইসিসি বয়সের কোনো সীমা রাখেনি। এখন সব দলই তাদের ‘এ’ দল পাঠাচ্ছে।”
তবে টি-টোয়েন্টি সংস্করণ হলে শামীমকে বিবেচনায় রাখার সম্ভাবনা ছিল বলেও জানিয়েছেন বাশার। নিয়মিত
বিভিন্ন পর্যায়ের দলে দেখা গেলেও জায়গা হয়নি বাঁহাতি পেসার আবু হায়দার রনির। তবে তাকে পরিকল্পনার বাইরে রাখা হয়নি বলে স্পষ্ট করেছেন বাশার। গত বছর এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। পাকিস্তান হয়েছিল চ্যাম্পিয়ন। সেবারও দোহায় হয়েছিল প্রতিযোগিতার আসর। গতবার টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হলেও এবার পঞ্চাশ ওভারের ক্রিকেটে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড: নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, সাইফ উদ্দিন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহরব ও আমিনুল ইসলাম বিপ্লব।