Logo
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ৭ নভেম্বর ২০২৬
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ডেস্ক রিপোর্ট।।

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা অপরিহার্য।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়। বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় সংকট উত্তরণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ৭ নভেম্বরের সংহতির চেতনা পুনর্জাগরিত হয়েছিল ২০২৪ সালের গণ-অভ্যুত্থানেও। সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে।

বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন। বর্তমানে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক শ্রদ্ধা, আলোচনা এবং জাতীয় সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।

রাষ্ট্র পরিচালনায় ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ভিত্তিতে জাতীয় স্বার্থ, সাম্য, ন্যায্যতা ও গণতন্ত্রচর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আরও পড়ুন

  • ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
  • গ্যাসের দাম বেড়ে ৩২ ডলার, ভর্তুকি দিতে হয়েছে ৪৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
  • ইসলামের নামে রাজনীতি করছে, অথচ ইশতেহারে ইসলাম নেই: স্বরাষ্ট্ৰমন্ত্রী

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন