Logo
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
স্যান্ডপেপারগেট কাণ্ড নিয়ে নতুন তদন্ত হবে না: ক্রিকেট অস্ট্রেলিয়া - MZamin

স্যান্ডপেপারগেট কাণ্ড নিয়ে নতুন তদন্ত হবে না: ক্রিকেট অস্ট্রেলিয়া – MZamin

ডেস্ক রিপোর্ট।।

২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বা বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে নতুন করে আর কোনো তদন্ত করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সম্প্রতি উসমান খাজা ও ডেভিড ওয়ার্নারের আত্মজীবনী ও মন্তব্যের জেরে বিষয়টি নতুন করে আলোচনায় এলেও আগের অবস্থানেই অনড় রয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সিএ প্রধান টড গ্রিনবার্গ সম্প্রতি এক স্থানীয় রেডিও সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আট বছর আগের ওই ঘটনায় নতুন করে তদন্ত করার মতো কোনো যৌক্তিক কারণ দেখছে না বোর্ড। তিনি বলেন, ‘খাজার বইয়ে এমন কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে যা অন্যদের দেয়া বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। তবে আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে করা মূল তদন্তের ফলাফলেই সন্তুষ্ট।’

প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত নিজের আত্মজীবনীতে বিস্ফোরক দাবি করেছেন অভিজ্ঞ ওপেনার খাজা। তার মতে, ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে বলের আকৃতি নষ্ট বা টেম্পারিংয়ের বিষয়টি পুরো দলের জানা ছিল। স্যান্ডপেপার ব্যবহারের মতো বিষয়গুলো নিয়ে দলের খেলোয়াড় ও স্টাফদের মাঝে খোলামেলা আলোচনা হয় বলেও উল্লেখ করেন তিনি।

খাজার এই বক্তব্যের পূর্ণ সমর্থন জানিয়ে অবসরপ্রাপ্ত তারকা ওয়ার্নার একে ‘শতভাগ সত্য’ বলে মন্তব্য করেন এবং সিএর তৎকালীন তদন্তকে ‘ তাড়াহুড়ো করে করা ত্রুটিপূর্ণ’ বলে আখ্যায়িত করেন।

এদিকে, সেদিনের ম্যাচে খেলা চার বোলার— প্যাট কামিন্স, জশ হ্যাজেউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন আগেই বল টেম্পারিংয়ের বিষয়ে কোনো পূর্বজ্ঞান না থাকার কথা জানান। বর্তমান অধিনায়ক কামিন্সও সম্প্রতি সাফ জানিয়েছেন, এ বিষয়ে অতীতে অসংখ্যবার প্রশ্নের জবাব দেয়া হয়েছে এবং বিষয়টি অনেক আগেই নিষ্পত্তি করা হয়েছে।

এদিকে খাজার আত্মজীবনী প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, বইয়ের বিক্রি বাড়াতেই কি এতদিন পর এই বিতর্ক সামনে আনা হলো? তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে খাজা সামাজিকযোগাযোগ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, তার এই ঘটনা উন্মোচনের পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য বা অর্থের লোভ নেই।

আরও পড়ুন

  • লাহোর কালান্দার্সের উপদেষ্টা সাবেক বিসিবি সভাপতি – MZamin
  • চলে গেলেন দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ – MZamin
  • শারজাহ টেস্টের রেকর্ডময় পরিসংখ্যান – MZamin

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন