Logo
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সংগীতশিল্পী সাহেদ। ফেসবুক থেকে

মারা গেছেন ‘রোকযানা’ গানের সাহেদ

ডেস্ক রিপোর্ট।।

চলেই গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। আজ শুক্রবার সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালিসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু ও সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে সাহেদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃদু স্ট্রোক হয়। এরপর স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। এর মধ্যে ডেঙ্গুও শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে একপর্যায়ে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
সাহেদের শারীরিক পরিস্থিতি নিয়ে প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ রুবাইয়াত রহমান তাঁর এক লেখায় জানান, কিডনির অসুস্থতার পাশাপাশি ক্যাথেটারজনিত ছত্রাক সংক্রমণ, স্ট্রোক, ডেঙ্গু এবং হেপাটাইটিস সি ভাইরাসজনিত লিভারের প্রদাহে ভুগছিলেন শিল্পী। সর্বশেষ অস্বাভাবিক রক্তক্ষরণ তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল করে তোলে।
অসুস্থতার কারণে থেমে যায় সাহেদের দীর্ঘদিনের গানের আয়োজনও। ১১ বছর ধরে তৈরি করা ২৪টি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। জি-সিরিজের ব্যানারে গানগুলো প্রকাশের পাশাপাশি সংগ্রহে রাখার জন্য চারটি করে সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের পরিকল্পনা ছিল। ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ উপলক্ষে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অসুস্থতার কারণে আয়োজনটি বাতিল করা হয়।
এরশাদুল হক জানিয়েছিলেন, অনুষ্ঠান শেষে ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য সাহেদের দিল্লি যাওয়ার প্রস্তুতি ছিল। কিডনিদাতাও চূড়ান্ত করা হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত হয়। নতুন গান প্রকাশ আর সুস্থ হয়ে গানে ফেরার স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় নিলেন তিনি।
শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

  • নিষেধাজ্ঞা! কেউ ভেঙে পড়েন, কারও ক্যারিয়ারের বড় ক্ষতি
  • মা ও মেয়ের সঙ্গে প্রেমের গল্প নিয়ে ৫১ বছর পর মুখ খুললেন অভিনেতা
  • ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন