Logo
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬  |  প্রিন্ট: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
লি নোজেওয়াইপি এন্টারটেইনমেন্ট

সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন লি নো, স্ট্রে কিডসের সামনে কী

ডেস্ক রিপোর্ট।।

কে-পপের জনপ্রিয় বয় গ্রুপ স্ট্রে কিডসের সদস্য লি নো ২০২৭ সালের প্রথম প্রান্তিকে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন শুরু করবেন। ৫ নভেম্বর গ্রুপটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। লি নো হবেন স্ট্রে কিডসের প্রথম সদস্য, যিনি সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন।

জেওয়াইপি জানিয়েছে, আগামী বছরের প্রথম তিন মাসে গ্রুপটির কিছু নির্ধারিত কার্যক্রমে লি নোকে পাওয়া না–ও যেতে পারে। তবে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আগে বিভিন্ন কনটেন্ট প্রকাশ ও ব্যক্তিগত কার্যক্রমের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। তাঁর যোগদানের নির্দিষ্ট তারিখ ও সামরিক দায়িত্বের ধরন এখনো প্রকাশ করা হয়নি।

১৯৯৮ সালে জন্ম নেওয়া লি নোর বয়স ২০২৭ সালে ২৯ বছর হবে। গত আগস্টে নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সামরিক দায়িত্ব পালন নিয়ে কথা বলেছিলেন তিনি। লি নো বলেছিলেন, ‘আমি মনে করি, সামরিক দায়িত্ব পালন করা স্বাভাবিক একটি কর্তব্য। যখন আমাকে ডাকা হবে, তখন আমি বিশ্বস্ততার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব।’

দক্ষিণ আমেরিকায় ঝড় তুলেছে বিটিএস

সামরিক বিরতি সামাল দেওয়ার কৌশল

দক্ষিণ কোরিয়ায় বাধ্যতামূলক সামরিক দায়িত্বের কারণে কে-পপ গ্রুপগুলোর কার্যক্রমে বিরতি আসে। এ সময় ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে ভিন্ন ভিন্ন কৌশল নিয়েছে বিটিএস ও সেভেনটিনের মতো জনপ্রিয় গ্রুপ।

বিটিএসের সদস্যরা কাছাকাছি সময়ে সামরিক বাহিনীতে যোগ দিয়েছিলেন, যাতে দলীয় কার্যক্রমে দীর্ঘ বিরতি এড়ানো যায়। পাশাপাশি সামরিক দায়িত্ব পালনের আগে একক অ্যালবাম প্রকাশ করেন তাঁরা। এতে গ্রুপের কার্যক্রম বন্ধ থাকলেও সদস্যদের ব্যক্তিগত সংগীতচর্চা অব্যাহত ছিল। সামরিক দায়িত্ব শেষ করে সাত সদস্য একসঙ্গে ফিরেছেন ‘অ্যারিরাং’ অ্যালবাম নিয়ে।

অন্যদিকে ১৩ সদস্যের সেভেনটিন বেছে নিয়েছে ভিন্ন কৌশল। সদস্যরা ধাপে ধাপে সামরিক দায়িত্ব পালন করছেন। এ সময় একক ও ইউনিট–ভিত্তিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে গ্রুপটি। বুসুং, জংহান এক্স ওনু এবং ভি৮-এর মতো ইউনিট প্রকল্পের মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছে তারা।

২০১৮ সালে আত্মপ্রকাশের পর দলীয় কার্যক্রমের মাধ্যমেই আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে স্ট্রে কিডস। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ অ্যালবাম তালিকায় টানা ৯টি অ্যালবাম নিয়ে শীর্ষস্থান অর্জন করেছে গ্রুপটি। ২০২২ সালে ‘অডিনারি’ অ্যালবামের মাধ্যমে শুরু হওয়া এই সাফল্য একবিংশ শতাব্দীতে আত্মপ্রকাশ করা কোনো গ্রুপের জন্য রেকর্ড।

এত দিন দলীয় কার্যক্রমকে গুরুত্ব দিয়ে এলেও লি নোর সামরিক দায়িত্ব শুরুর পর গ্রুপটির পরিকল্পনা কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্য সদস্যদেরও পর্যায়ক্রমে সামরিক দায়িত্ব পালন করতে হবে। ফলে দলীয় কার্যক্রম সচল রাখার পাশাপাশি একক সংগীতচর্চা ও বিভিন্ন ইউনিটের কার্যক্রম বাড়ানো স্ট্রে কিডসের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বিটিএস ও সেভেনটিনের অভিজ্ঞতা থেকে স্ট্রে কিডস কোন কৌশল বেছে নেয়, সেটিই এখন দেখার বিষয়।

আরও পড়ুন

  • অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী
  • মিস ইউনিভার্সে সমুদ্রের পাড়ে মাহি, পর্দার আড়ালে কী ঘটছে
  • ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা

প্রকাশক ও সম্পাদক: হাবিব রহমান

প্রিন্ট করুন