হারের পরও দলের সামর্থ্য নিয়ে আশাবাদী ডুলি। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ফুটবল খেলেছে, সেটিই দলের সামর্থ্যের প্রতিফলন। পাকিস্তান তুলনামূলক ভালো দল হওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়েছে। তিনি বলেন, ‘পাকিস্তান শ্রীলঙ্কার চেয়ে ভালো দল। ফুটবল সম্পর্কে তাদের বোঝাপড়া, কখন কীভাবে দৌড়াতে হবে, বল রিসিভ ও পাস করতে হবে—এসব ক্ষেত্রে তারা এগিয়ে। তাই আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি।’
বাংলাদেশের ফুটবলের উন্নয়ন প্রসঙ্গে কোচ বলেন, ‘এটি রাতারাতি হওয়ার বিষয় নয়। আমাদের দলে অনেক তরুণ খেলোয়াড় আছে, যাদের শিখতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। শুধু খেলার উন্নতি হলেই হবে না, খেলোয়াড়দের চিন্তাভাবনারও উন্নতি হতে হবে।’
দেশের ফুটবলে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগের অভাবও তুলে ধরেন ডুলি। গত চার মাসে দলগুলো কতবার অনুশীলন করেছে, কতটি ম্যাচ খেলেছে—সেসব প্রশ্নও সামনে আনেন তিনি। তার মতে, অন্য দেশগুলোর মতো সুযোগ-সুবিধা পেলে বাংলাদেশ আরও ভালো করতে পারত।
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ থাকলেও সেটিকে হারের কারণ হিসেবে দেখেননি ডুলি। তবে দুই দলের ক্ষেত্রে সমানভাবে ফাউল দেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে জানান, হারের পর খেলোয়াড়রা ভেঙে পড়েছেন, অনেকে মাঠেই কাঁদছিলেন। সামনে দলকে আরও শক্তিশালী করা, নতুন খেলোয়াড় যুক্ত করা এবং উন্নতির ধারাবাহিকতা ধরে রাখাই এখন তাঁর লক্ষ্য।
ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন শেষ বাংলাদেশের। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায়ের পর দলের পারফরম্যান্স, গোলরক্ষক শ্রাবণের ভুল এবং কোচ থমাস ডুলির কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কোনো একজনকে দায়ী করতে চাননি বাংলাদেশ কোচ। বরং ঘরের মাঠের চাপ, খেলোয়াড়দের অনভিজ্ঞতা, শারীরিক ক্লান্তি ও প্রস্তুতির ঘাটতিকেই ব্যর্থতার কারণ হিসেবে দেখছেন তিনি।
ম্যাচের ৮৬তম মিনিটে শ্রাবণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। গোলরক্ষকের ভুল নিয়ে প্রশ্ন করা হলে ডুলি বলেন, ‘আমি এখনো শ্রাবণের সঙ্গে কথা বলিনি। খেলোয়াড়রা তো রোবট নয়। তাদেরও চাপ থাকে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জিততেই হবে—এমন প্রত্যাশা কাজ করে। গোলরক্ষক দলের শেষ প্রহরী। সে ভুল করলে পরিস্থিতি কঠিন হবে, এই চিন্তাও তার ওপর থাকে। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।’
শুরু থেকেই ম্যাচে ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। পাকিস্তানের চাপ সামলাতে গিয়ে বারবার বল হারিয়েছে দল। ডুলি বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। ওরা আমাদের শরীরী ভাষা দেখে বুঝে যাচ্ছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান।’
দ্বিতীয়ার্ধে কিছুটা ভালো খেললেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। শারীরিক ক্লান্তিকেও হারের অন্যতম কারণ মনে করেন ডুলি। তার দাবি, পাকিস্তান বাংলাদেশের চেয়ে পাঁচ দিন বেশি বিশ্রাম পেয়েছে। কোচ বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ও শারীরিকভাবে কিছুটা বেশি ফিট ছিল।’
গোল হজমের পর খেলোয়াড়দের স্থবির হয়ে পড়া প্রসঙ্গে ডুলির ব্যাখ্যা, শেষ মুহূর্তে এমন গোল তরুণদের জন্য বড় ধাক্কা। তিনি বলেন, ‘দেশের জন্য, সমর্থকদের জন্য জিততে চান, সাফের ফাইনালে ওঠার এত বড় সুযোগ সামনে থাকে—ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে এমন পরিস্থিতি তাৎক্ষণিকভাবে সামলে ওঠা সহজ নয়।’