রাজকুমারীর কাছ থেকে নতুন অ্যাওয়ার্ড নিলেন মেসি – MZamin
অসামান্য ফুটবল ক্যারিয়ার ও মাঠের বাইরে মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর। গত শুক্রবার ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে রাজকীয় সংবর্ধনা পান মেসি। প্রথম ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে এ ক্রীড়া পুরস্কার জেতায় তাকে অভিনন্দন জানায় স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে কাতালান ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জেতায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার যথার্থ স্বীকৃতি এটি। মাঠ ও মাঠের বাইরে তোমার প্রভাব দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউড কিপচোগে ও লিন্ডসে ভনের মতো ক্রীড়া তারকারা এই পুরস্কারে ভূষিত হন। ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন মেসি। পরে ক্লাবটির মূল দলে কাটান ১৭টি মৌসুম। বার্সেলোনার ২১ বছরের ক্যারিয়ারে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লীগ জেতা আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন।
আপনার মতামত লিখুন