চড়া দামে দল পেলেন যারা – MZamin
দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি–থ্রি’ ট্রফির নিলামে শুরু হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই নিলামে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। এর মধ্যে রেকর্ড ২ কোটি ৩০ লাখ পয়েন্টে পেসার শরীফুল ইসলামকে নিজেদের করে নিয়েছে সিটিজেন ব্যাংক।
টাকার অঙ্কে নয়, সম্পূর্ণ অভিনব এই টুর্নামেন্টে দল গড়ার লড়াই চলছে নির্দিষ্ট ‘পয়েন্টের’ ভিত্তিতে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য ১০ কোটি পয়েন্টের সীমা নির্ধারণ করে দেওয়া হলেও কোনো নির্দিষ্ট ক্রিকেটারের জন্য ছিল না কোনো সর্বোচ্চ সীমার বাধা। এই সুযোগেই জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন। এছাড়া জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।
আলোচনায় ছিলেন সাইফ হাসানও, এই ওপেনারকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে লুফে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ১ কোটি ৭০ লাখ পয়েন্টে নাম লিখিয়েছেন সিটিজেন ব্যাংকে।
উল্লেখ্য, এই নিলামের পয়েন্ট বা অঙ্কের সঙ্গে ক্রিকেটারদের সরাসরি আর্থিক প্রাপ্তির কোনো সম্পর্ক নেই। খেলোয়াড়েরা পারিশ্রমিক হিসেবে পাবেন বিসিবির নির্ধারিত ঘরোয়া ম্যাচ ফি (চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার, লিস্ট ‘এ’ বা ৫০ ওভারে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা)। নিলামের জন্য ‘এ’ ক্যাটাগরিতে ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরিতে ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরিতে ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরিতে ১০ লাখ ও ‘ই’ ক্যাটাগরিতে ৫ লাখ পয়েন্ট ভিত্তিমূল্য ধরা হয়েছিল।
আপনার মতামত লিখুন