ব্যালন ডি’অর হাতছাড়ার পর চিনে কূটনৈতিক ঝামেলায় এমবাপ্পে – MZamin
ব্যালন ডি’অর হাতছাড়ার পর চিনে কূটনৈতিক ঝামেলায় এমবাপ্পে – MZamin
0:00 0:00

ব্যালন ডি’অর হাতছাড়ার পর চিনে কূটনৈতিক ঝামেলায় এমবাপ্পে – MZamin

খেলা
ব্যালন ডি’অর হাতছাড়ার পর চিনে কূটনৈতিক ঝামেলায় এমবাপ্পে – MZamin
নিউজ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬, ৭:১৯ এএম

রোমাঞ্চকর এক ব্যালন ডি’অর লড়াইয়ে শেষ মুহূর্তের নাটকীয়তায় হ্যারি কেইনের কাছে মুকুট হারিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রধান নির্বাহী ভিনসেন্ট গার্সিয়া জানিয়েছেন, ভোটগ্রহণ প্রক্রিয়ার দীর্ঘ সময়জুড়ে রিয়াল মাদ্রিদ তারকাই এগিয়ে ছিলেন। তবে একেবারে শেষ মুহূর্তে সব ওলটপালট করে দেন কেইন। স্পেনের বিশ্বকাপজয়ী তারকা লামিন ইয়ামাল ও রদ্রির মধ্যে ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সুযোগটি কাজে লাগিয়ে ইতিহাস গড়ার খুব কাছে গিয়েও রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয় ফরাসি তারকাকে। হতাশার রেশ কাটতে না কাটতেই মাঠের বাইরে আরও বড় এক সংকটে পড়েছেন এমবাপ্পে।

চিনা নেটিজেনদের ক্ষোভ এবং সরকারি প্রতিক্রিয়ার মুখে পড়ে এমবাপ্পে এখন এক আন্তর্জাতিক কূটনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। অনলাইন শো ‘দ্য ব্রিজ’-এর একটি সম্প্রচারিত পর্বে চিনের সাবেক শীর্ষ নেতা মাও সে তুংয়ের একটি সম্পাদিত ভিডিওর ওপর প্রতিক্রিয়া জানিয়ে হাসাহাসি করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই বিতর্ক দ্রুতই রূপ নেয় কূটনৈতিক বিষয়ে। এই অনভিপ্রেত বিতর্ক চিনে ফরাসি তারকার ক্যারিয়ারে মারাত্মক প্রভাব ফেলেছে। চিনের জনপ্রিয় ব্র্যান্ড ‘ডংপেং’ এবং ‘মেননিউ’ অবিলম্বে এমবাপ্পের সঙ্গে তাদের লাভজনক বাণিজ্যিক অংশীদারিত্ব ও স্পন্সরশিপ চুক্তিগুলো বাতিল করেছে।

চিন সরকারের পক্ষ থেকেও এ নিয়ে কঠোর অবস্থান নেয়া হয়েছে। চিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যেকোনো ধরনের কথা বা কাজ যা চিনা জনগণের অনুভূতিতে আঘাত করে, তা স্বাভাবিকভাবেই চিনের সমগ্র সমাজের তীব্র প্রত্যাখ্যানের মুখোমুখি হয়।’

ব্যালন ডি’অরের মুকুট হাতছাড়া হওয়ার ঠিক পরপরই এশিয়ার অন্যতম লাভজনক ও প্রভাবশালী বাজারে এমবাপ্পের এমন আকস্মিক বাণিজ্যিক পতন তার ব্র্যান্ড ভ্যালুর জন্য এক বিরাট ধাক্কা। পিআর টিম ও আইনজীবীদের নিয়ে গড়া তার ব্যবস্থাপনা দলকে এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে এই চিনের কূটনৈতিক সংকট সামাল দিতে হচ্ছে।