জাপানি এমপির পোস্টের অনুবাদ বিপর্যয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম নিয়ে বিভ্রান্তি
জাপানি এমপির লেখা মূল পোস্ট। ছবি: স্ক্রিনশট
জাপানের পার্লামেন্ট ডায়েটের সদস্য এবং সাবেক অর্থ ও বাণিজ্যমন্ত্রী ইয়সুতোশি নিশিমুরা গতকাল মঙ্গলবার জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে তিনি ছবি শেয়ার করে একটি ক্যাপশন দেন। জাপানি ভাষায় দেওয়া ক্যাপশনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক ‘রহমান’কে উল্লেখ করলেও এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে ইংরেজিতে সেটি ‘হাসিনা’ হয়ে যায়।
কিন্তু ইয়সুতোশি নিশিমুরার এক্স হ্যান্ডলে শেয়ার করা জাপানি ভাষার মূল ক্যাপশন গুগল ট্রান্সলেটসহ চ্যাটজিপিটি এবং জেমিনাই–এর অনুবাদে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছেন ‘রহমান’।
এই বিভ্রান্তির কারণে অনেকেই এক্স ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্টটির ইংরেজি অনুবাদের স্ক্রিনশট নিয়ে শেয়ার করছেন। যদিও মূল জাপানি ভাষার পোস্টে জাপানের ওই এমপি ‘প্রধানমন্ত্রী রহমান’ বলেই উল্লেখ করেছেন।
জাপানি ভাষায় তিনি যা লিখেছেন তার উচ্চারণ এমন, ‘Banguradeshu no rāman shushō to kaidan shimashita. Dōkoku to no giren wa Asou kaichō no moto, watashi ga kanji-chō o tsutomete imasu. Shushō kara wa, jinzai ikusei nado Nihon no shien no yōsei ga arimashita. 1 Oku 7 sen man-ri no jinkō o kakaeru shinkyōkokudesu. Nihon to shite hajimete shinkyōkoku to EPA (keizai renkei kyōtei) teiketsu ni dōi shita kunidesu. Kankei o kyōka shite ikimasu.’
গুগল ট্রান্সলেটের বাংলা অনুবাদে তাঁর পোস্টের অর্থ দাঁড়ায়, ‘আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে বৈঠক করেছি। আমি দেশটির সঙ্গে গঠিত সংসদীয় মৈত্রী গোষ্ঠীর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি, যার সভাপতিত্ব করেন জনাব (তারো) আসো। প্রধানমন্ত্রী মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রগুলোতে জাপানের সহায়তা চেয়েছেন। বাংলাদেশ ১৭ কোটি জনসংখ্যার একটি উদীয়মান রাষ্ট্র। এটিই প্রথম উদীয়মান দেশ, যার সঙ্গে জাপান একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনে সম্মত হয়েছিল। আমরা আমাদের সম্পর্ক আরও জোরদার করা অব্যাহত রাখব।’
আপনার মতামত লিখুন