মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন, বার কাউন্সিলের ‘না’
ফাইল ছবি
চব্বিশের জুলাই-আগস্টে আন্দোলনের হত্যাকাণ্ডসহ আওয়ামী লীগের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলা লড়তে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদনে সাড়া দেয়নি বার কাউন্সিল। এক বৈঠকে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
আজ বৃহস্পতিবার বৈঠকে চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দেশের কোনো আদালতে বিদেশি আইনজীবী দিয়ে মামলা পরিচালনার জন্য আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের অনুমতি নিতে হয়।
সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংবাদিক ফারজানা রুপাসহ কয়েকজন আসামি বিদেশি আইনজীবীর অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার চলমান রয়েছে।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের সময়ও তাদের এমন আবেদন নাকচ হয়েছিল।
আপনার মতামত লিখুন