প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-সিঙ্গাপুর
প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-সিঙ্গাপুর
0:00 0:00

প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-সিঙ্গাপুর

বাংলাদেশ
প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-সিঙ্গাপুর

সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৬, ৭:২০ এএম

ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ই-কমার্স ও ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ফকির মাহবুব আনাম বলেন, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। এসব ক্ষেত্রে সিঙ্গাপুরের অর্জিত অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

সাক্ষাতে উভয় পক্ষই ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জনসেবার আধুনিকায়নে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেন। তাদের মতে, পারস্পরিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে এসব ক্ষেত্রে বাস্তবভিত্তিক যৌথ উদ্যোগ গ্রহণের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব।

সাক্ষাৎকালে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

প্রযুক্তিমন্ত্রী বলেন, বাংলাদেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও সমন্বিত লজিস্টিকস সেবার কার্যকর কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।

সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের বিস্তৃত ডাক বিভাগের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও লজিস্টিকস সেবার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

একই সঙ্গে সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু ও সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত এবং জনসেবার দক্ষতা বাড়ানোর বিষয়ে সিঙ্গাপুরের অভিজ্ঞতা তুলে ধরেন ডেরেক লোক।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত