বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’
বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’
0:00 0:00

বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’

বিনোদন
বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’

জিয়া শঙ্করইনস্টাগ্রাম থেকে

নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৬, ৯:০৫ এএম

ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করের বাগ্‌দান ভেঙে গেছে—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী কারান ধানাককে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন জিয়া। এরপর তাঁর একটি রহস্যময় স্টোরি সেই গুঞ্জন আরও উসকে দেয়।

তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তাঁদের সম্পর্ক এখনো অটুট। মতপার্থক্য থাকলেও একে অপরের পাশে আছেন তাঁরা।

সমুদ্রসৈকতে তোলা কয়েকটি ছবি গতকাল ইনস্টাগ্রামে প্রকাশ করেন জিয়া। ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় তিনি লেখেন, একসঙ্গে জীবন কাটানোর পথ সব সময় সহজ হয় না। তাঁদের জীবনও কোনো বলিউড সিনেমার মতো নয়। অন্য অনেক যুগলের মতো তাঁদের মধ্যেও ভালোবাসা যেমন আছে, তেমনি আছে ঝগড়া ও মতপার্থক্য।

জিয়া লেখেন, ‘আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আবার কখনো অনেক ঝগড়াও করি। আমাদের মধ্যে মতপার্থক্য আছে। তবে আমরা একে অপরের জন্য আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করছি। আমরা নিখুঁত নই। আমরা দুজন সাধারণ মানুষ, যারা প্রেমে পড়েছি এবং একে অপরকে বেছে নিয়েছি। আমরা একে অপরের ভালো বন্ধু। আশা করি, সবকিছু বুঝে একসঙ্গে এগিয়ে যেতে পারব।’

বাগ্‌দত্তা ও তাঁদের সম্পর্ক নিয়ে ছড়ানো গুঞ্জনেও বিরক্তি প্রকাশ করেছেন জিয়া। এ ধরনের অনুমাননির্ভর আলোচনা না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কী প্রকাশ করছেন, সে বিষয়ে এখন থেকে আরও সতর্ক থাকবেন। কারান কিংবা তাঁদের সম্পর্ক নিয়ে ছড়ানো কথার কোনো সত্যতা নেই।
এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জিয়া লিখেছিলেন, ‘দুটি বিষয় আমি নিশ্চিতভাবে জানি—প্রার্থনায় কাজ হয়, আর সময়ের সঙ্গে পরিস্থিতিরও পরিবর্তন আসে।’

পাশাপাশি হৃদয়ভাঙা, বিশ্বাসভঙ্গ ও ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গ নিয়ে কয়েকটি আবেগঘন ভিডিও প্রকাশ করেন তিনি। এরপরই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।
পরে অবশ্য ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান বা গুজব না ছড়ানোর অনুরোধ জানান অভিনেত্রী। এমনকি হ্যালোইন উপলক্ষে কারানের সঙ্গে ‘গেম অব থ্রোনস’-এর আদলে সাজানো পোশাকে ছবিও প্রকাশ করেন তিনি। বর্তমানে বাগ্‌দত্তার সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জিয়া।