রোনালদোর বিদায়ে আবেগে ভাসছে ফুটবল বিশ্ব – MZamin
রোনালদোর বিদায়ে আবেগে ভাসছে ফুটবল বিশ্ব – MZamin
0:00 0:00

রোনালদোর বিদায়ে আবেগে ভাসছে ফুটবল বিশ্ব – MZamin

খেলা
রোনালদোর বিদায়ে আবেগে ভাসছে ফুটবল বিশ্ব – MZamin
নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৬, ৪:০১ এএম

পর্তুগালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পথচলার ইতি টানার ঘোষণায় আবেগাপ্লুত ফুটবল বিশ্ব। রোনালদোর বিদায়ী ঘোষণার পর থেকেই সাবেক ক্লাব, বর্তমান ক্লাব, সতীর্থ থেকে শুরু করে ফিফা সভাপতি—সবাই তাকে জানিয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসা।

রোনালদোর বিদায়ে সবচেয়ে আবেগঘন প্রতিক্রিয়াগুলোর একটি এসেছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে। বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘মাঠে তার প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি গুরুত্বপূর্ণ গোল এবং সম্মানের সঙ্গে বহন করা অধিনায়কের আর্মব্যান্ড আমাদের জার্সির প্রতি তার নিঃশর্ত ভালোবাসার প্রতিফলন। তার নিষ্ঠা ও উত্তরাধিকার ফুটবল মাঠের সীমানা ছাড়িয়ে গেছে।’

রোনালদোর বর্তমান ক্লাব আল নাসর আবেগঘন বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছে। সৌদি আরবের ক্লাবটি লিখেছে, ‘এটি কেবল একটি অধ্যায় নয়, এটি আপনার গড়ে তোলা ইতিহাস। আপনি শুধু পর্তুগালের নন, পুরো বিশ্বের আইকন। পর্তুগাল আপনার হৃদয়ে, আর আপনি বিশ্বের কোটি মানুষের হৃদয়ে। একটি পৃষ্ঠা উল্টেছে, তবে আল নাসরে একসঙ্গে লেখার মতো আরও ইতিহাস বাকি।’

সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’ রেড ডেভিল সতীর্থ রিও ফার্ডিনান্ড লিখেছেন, ‘অভিনন্দন, বন্ধু। তুমি এসেছ, দেখেছ এবং জয় করেছ। দেশের হয়ে ১৪৬ গোল, তিনটি বড় শিরোপা এবং পর্তুগালকে বিশ্ব ফুটবলের মানচিত্রে তুলে ধরেছ।’

শৈশবের নায়কের বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি রোনালদোর জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘অনুপ্রেরণার জন্য ধন্যবাদ। শৈশবের নায়কের সঙ্গে জাতীয় দলের জার্সিতে অসাধারণ মুহূর্ত ভাগ করে নেয়া আমার জন্য ছিল বিশেষ সম্মানের।’

রিয়াল মাদ্রিদের বর্তমান ও সাবেক তারকারাও রোনালদোর বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র লিখেছেন, ‘চিরকাল এক নম্বর!’ চারবারের চ্যাম্পিয়নস লীগজয়ী সতীর্থ সার্জিও রামোসের মন্তব্য, ‘তুমি একজন কিংবদন্তি, বন্ধু! জীবনের অন্য দিকগুলো উপভোগ করো।’ লুকাস ভাসকেজ তাকে বলেছেন ‘কিংবদন্তিদের কিংবদন্তি’।

একসময় মাঠের প্রতিদ্বন্দ্বী নেইমারও ভুলে যাননি রোনালদোকে। তার বিদায়ী ঘোষণার নিচে ব্রাজিলিয়ান মহাতারকা লিখেছেন, ‘কিংবদন্তি।’

এদিকে ব্যালন ডি’অরের আয়োজকেরাও রোনালদোর অবদান স্মরণ করেছে। তাদের ভাষায়, দুই দশকের অতুলনীয় আবেগ, অবিস্মরণীয় গোল এবং চিরন্তন উত্তরাধিকার তৈরি করেছেন তিনি। পাঁচটি ব্যালন ডি’অর ও অসংখ্য ঐতিহাসিক মুহূর্তের পাশাপাশি পর্তুগিজ ফুটবলকে চিরতরে বদলে দেয়া এক অধিনায়ক হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন রোনালদো।

সবশেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বার্তায় উঠে এসেছে রোনালদোর বৈশ্বিক প্রভাব। তিনি লেখেন, ‘খুব কম খেলোয়াড়ই ক্রিস্টিয়ানোর মতো বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁতে পেরেছেন। তার সবচেয়ে বড় উত্তরাধিকার শুধু রেকর্ড, ট্রফি কিংবা গোলের মধ্যে সীমাবদ্ধ নয়।’