রিকি পন্টিংকে টপকে নতুন ইতিহাস কোহলির – MZamin
ওয়েলিংটনের সেলো বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একটি বিশাল মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। ম্যাচটিতে মাত্র ৭ রান করে আউট হলেও ওয়ানডে ফরম্যাটে কিউইদের বিপক্ষে সবচেয়ে বেশি রানের মালিক এখন এ ভারতীয় মহাতারকা। এ পথে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটার রিকি পন্টিংকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন এই ভারতের এ ব্যাটিং আইকন।
ম্যাচ শুরুর আগে ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে পন্টিংয়ের সমান ১ হাজার ৯৭১ রান ছিল কোহলির। আজ ক্রিজে নেমে দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে পন্টিংয়ের রেকর্ড ভেঙে দেন তিনি। এর মধ্য দিয়ে ওয়ানডেতে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সর্বোচ্চ রানের চূড়ায় উঠে যায় কোহলির নাম।
অস্ট্রেলিয়ান গ্রেট পন্টিংয়ের ৫১টি ম্যাচের ৫০ ইনিংসে ৪৫.৮৩ গড়ে ১ হাজার ৯৭১ রান করেন, যার মধ্যে ছিল ৬টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি। অন্যদিকে, পন্টিংকে ছাড়িয়ে যেতে মাত্র ৩৮টি ইনিংস খেলেছেন কোহলি। এই ম্যাচ শেষে কিউইদের বিপক্ষে কোহলির বর্তমান মোট রান দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৮-এ। চলমান সিরিজে আরও ম্যাচ বাকি থাকায় ক্রিকেটের এ ফরম্যাটে প্রথম খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ হাজার বা তার বেশি রান করার সুবর্ণ সুযোগ রয়েছে কোহলির সামনে।
কোহলি ও পন্টিংয়ের পর এ তালিকায় যথাক্রমে রয়েছে ভারতের শচীন টেন্ডুলকার (১৭৫০), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (১৫৬৮), আরেক লঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়া (১৫১৯) ও দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (১৪৪৯)।
শনিবারের ম্যাচে কোহলির সংক্ষিপ্ত ইনিংসের সমাপ্তি টানেন পেসার জ্যাকব ডাফি। ভালো লেংথের বলটি ঠিকমতো খেলতে না পেরে কাভার পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে সিরিজের উদ্বোধনী ম্যাচেও ইতিহাস গড়েন কোহলি। সে ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৩ নম্বর পজিশনে ব্যাট করে প্রথম কোনো ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তি গড়েন তিনি।
ম্যাচে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৪ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। রান তাড়ায় ভারতের দলীয় সংগ্রহ যখন ৭ উইকেটে ১১৩, তখন নামে মুষলধারে বৃষ্টি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে না আসায় ডিএলএস নিয়মে ৪ রানে এগিয়ে থাকা ভারতকে বিজয়ী ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন