নাশকতায় জড়িতদের শনাক্তের নির্দেশ আইজিপির, ৪ জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
দেশজুড়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ, হাতবোমা হামলার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সেই সঙ্গে চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সকল মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে পুলিশ সদর দপ্তর থেকে অনলাইন বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি।
বৈঠকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেন। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি রাখতে বলা হয়। কোথাও যেন সংঘবদ্ধভাবে লোকজন জড়ো হয়ে বড় ধরনের নাশকতা ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়।
আইজিপি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা ও অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দেন।
দেশের সব জেলায় পুলিশের টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসানো, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং নাশকতার পরিকল্পনা সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেন।
আইজিপি নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেও নিরীহ মানুষকে হয়রানি না করার বিষয়ে বিশেষ সতর্কতা দিয়েছেন। এ ক্ষেত্রে গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে জেলা পুলিশ সুপারদের ‘কোয়ালিটি অ্যারেস্ট’ বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া নাশকতা প্রতিরোধে শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বাড়ানো, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি এবং সাইবার মনিটরিং জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
নাশকতার প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি।
উল্লেখ্য, ঢাকাসহ বিভিন্ন জেলার তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা ও দেশের ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আপনার মতামত লিখুন