বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন প্রোটিয়া কোচ – MZamin
বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন প্রোটিয়া কোচ – MZamin
0:00 0:00

বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন প্রোটিয়া কোচ – MZamin

খেলা
বাংলাদেশের পেসারদের নিয়ে যা বললেন প্রোটিয়া কোচ – MZamin
নিউজ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১:২৭ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে বোলিং করে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন টাইগার পেসাররা। নিখুঁত লাইন ও লেন্থে বোলিং করে অজি ব্যাটারদের চাপে রেখেছিলেন হাসান মাহমুদ-শরীফুল ইসলামরা। ঘরের মাঠেও দুর্দান্ত বাংলাদেশের পেসাররা। এবার তাসকিন-ইবাদতদের প্রোটিয়া পরীক্ষা। আগামীকাল জোহানেসবার্গে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। এ সিরিজে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ভয়ঙ্কর হতে পারেন বাংলাদেশের পেসাররা- এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড।

বাংলাদেশের পেসারদের নিয়ে কনরাড বলেন, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগে তারা এখানে খেলনা বন্দুকের মতো (নখদন্তহীন) বোলিং আক্রমণ নিয়ে আসতো। কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে জানে। বিশেষ করে হাইভেল্ডের এই উঁচুতে, যেখানে আমরা পেসারদের অনুকূল কন্ডিশন প্রত্যাশা করছি।’ বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ শার্ল ল্যাঞ্জেভল্ড বর্তমানে দক্ষিণ আফ্রিকার কোচিং প্যানেলে রয়েছেন। এ কারণে প্রতিপক্ষ সম্পর্কে বাড়তি সুবিধা পাচ্ছে প্রোটিয়ারা। কোচ কনরাড বলেন, ‘আমার মনে হয় তিনি আমাদের জন্য দারুণ প্রভাব রাখবেন। তিনি যেহেতু আগে বাংলাদেশ দলকেও কোচিং করিয়েছেন, তাই সেখানে অনেক ভেতরের তথ্য বা কৌশলগত ধারণা রয়েছে। তিনি কেবল বোলারদের মিটিংয়েই নন, ব্যাটসম্যানদের মিটিংয়েও নিজের আইডিয়া শেয়ার করছেন।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুদিন আগে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা টাইগারদের হালকাভাবে নিচ্ছে না। বরং বাংলাদেশকে সমীহ করছে প্রোটিয়ারা।

কনরাড বলেন, ‘অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে আমরা যে পরিমাণ সম্মান দিই, বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক সেটাই থাকবে। এটি এখন আমাদের গ্রীষ্মের সবচেয়ে বড় সফর এবং আমরা কোনোভাবেই তাদের অবমূল্যায়ন করছি না।’ সিরিজ শুরুর আগে দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দলের সঙ্গে সম্পূর্ণ ট্রেনিং সেশনে সুস্থভাবে অংশ নিলেও তাকে রাখেনি টিম ম্যানেজম্যান্ট। চোট থেকে ফেরা এ ক্রিকেটারকে আরেকটু বিশ্রাম দিতে চায় দল। অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের সময় কুঁচকির চোটে পড়েছিলেন ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলার। দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানিয়েছেন, ইনজুরিটি খুব বেশি গুরুতর না হলেও তাকে সামান্য বিশ্রাম ও রিহ্যাবের মধ্যে রাখা হয়েছে এবং দ্বিতীয় টেস্টের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। নরকিয়া প্রথম টেস্টে খেলতে না পারলে পাঁচ পেসারের স্কোয়াডে নেমে আসবে দক্ষিণ আফ্রিকা। স্কোয়াডের বাকি পেসাররা হলেন- কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ ও ডেন প্যাটারসন। বাংলাদেশের পর ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজও হবে হাইভেল্ড মাঠে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগেই বাংলাদেশ সিরিজের মধ্য দিয়ে থিতু একটা ব্যাটিং অর্ডার গড়ার পরিকল্পনা দক্ষিণ আফ্রিকার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তিন নম্বরে খেলেছিলেন ডেভিড বেডিংহাম। তবে বাংলাদেশ সিরিজের দলে জায়গা হয়নি তার। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে ফেরা টনি ডি জর্জি কিংবা জুবায়ের হামজার একজনকে দেখা যেতে পারে ওই পজিশনে। কনরাড বলেন, ‘আমরা তিন নম্বর পজিশনে বেশ কয়েকজন খেলোয়াড়কে পরখ করেছি, ডেভিড ছিল সর্বশেষ। আমি মোটেও চাই না যে বাইরে থেকে দেখে মনে হোক তিন নম্বর জায়গাটা মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে। বিষয়টি মোটেও তেমন নয়।’