ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন, দেখে নিন একনজরে
ছুটির দিনে ঢাকায় কোথায় কী আয়োজন। কোলাজ
সপ্তাহের ব্যস্ততা শেষে আজ শুক্রবার ছুটির দিন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়ার পরিকল্পনা করছেন? তাঁদের জন্য রাজধানীর নানা প্রান্তে রয়েছে গান, নাটক, চলচ্চিত্র প্রদর্শনী, শিল্পকর্মের কর্মশালা ও সাংস্কৃতিক উৎসব। গুলশানে শরৎ উৎসব ও কনসার্ট, আগারগাঁওয়ে সাত ব্যান্ডের মেটাল সংগীতের আসর, শিল্পকলা একাডেমিতে মঞ্চনাটক, ধানমন্ডিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব—সব মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত বিনোদনের নানা আয়োজন রয়েছে। কোথায় কী হচ্ছে, কখন শুরু—জেনে নেওয়া যাক আজ শুক্রবারের উল্লেখযোগ্য আয়োজনগুলো।
গুলশানে শরৎ উৎসব, গাইবে কাকতাল
গুলশান শুটিং ক্লাবে চলছে ‘ঢাকা সোশ্যালস—দ্য অটাম ফেস্ট ২০২৬’। আজ উৎসবের দ্বিতীয় দিনের অন্যতম আকর্ষণ কনসার্ট। এতে সংগীত পরিবেশনের কথা রয়েছে কাকতাল, শুভ্র ও ব্ল্যাক জ্যাংয়ের। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে কনসার্ট। রাত সাড়ে আটটায় মঞ্চে ওঠার কথা কাকতালের।
তবে শুধু গান নয়, সকাল ১০টা থেকেই উৎসবে রয়েছে নানা আয়োজন। চলচ্চিত্র ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র প্রদর্শনী, ফুল তৈরির কর্মশালা, সালসা নাচ, বোর্ড গেম ও কমেডি নাইট। পাশাপাশি থাকছে খাবারের স্টল, পণ্য প্রদর্শনী ও ভ্যান গঘের শিল্পকর্মভিত্তিক বিশেষ অভিজ্ঞতার আয়োজন। উৎসব চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
আগারগাঁওয়ে সাত ব্যান্ডের মেটাল কনসার্ট
মেটাল সংগীতের অনুরাগীদের জন্য আজ আগারগাঁওয়ের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘ডাক্কা আন্ডারগ্রাউন্ড থ্রি’। বেঙ্গল লিজিয়নস ও এইস অব স্পেডসের আয়োজনে এতে অংশ নেবে সাতটি ব্যান্ড। তালিকায় রয়েছে ওয়ারহাউন্ড, ওল্ড উইচ সেমেটারি, ক্রনিকলস, ফেরাল ম্যাসাকার, অবনক্সিয়াস, স্টোনড কোভেন ও রাটজাচ। বেলা আড়াইটায় প্রবেশদ্বার খুলবে। কনসার্ট চলবে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। টিকিটের মূল্য ৫০০ টাকা।
বনানীতে ‘বিয়ে ব্যাশ’, থাকছে লাইভ সংগীত
বনানীর কামাল আতাতুর্ক পার্কে আজ শুরু হচ্ছে দুই দিনের ‘বিয়ে ব্যাশ’ উৎসব। বিয়েকে ঘিরে উৎসবমুখর এই আয়োজনে থাকছে নানা কার্যক্রম ও লাইভ সংগীত। উৎসবে ব্লুজিনস ব্যান্ডের পরিবেশনার ঘোষণা রয়েছে। তবে ব্যান্ডটির পরিবেশনা আজ নাকি আগামীকাল, তা এখনো নিশ্চিত করা হয়নি। উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।
শিল্পকলা একাডেমিতে ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’
জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমিতে নির্মিত নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ মঞ্চস্থ হবে আজ সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তীরন্দাজ রেপার্টরির সপ্তম প্রযোজনাটি প্রদর্শিত হবে।
দীপক সুমনের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ঋজু লক্ষ্মী অবরোধ। নির্দেশনায় দীপক সুমন। স্বপ্ন, বঞ্চনা, বৈষম্য ও প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত নাটকটির কেন্দ্রে রয়েছে শুভঙ্কর নামের এক তরুণ। বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে রাজপথে নামার মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প।
উত্তরায় স্ট্যান্ডআপ কমেডি
উত্তরার ৭ নম্বর সেক্টরের লেক ড্রাইভ রোডে অবস্থিত অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে আজ সন্ধ্যা সাতটায় শুরু হবে ‘ব্যাড আইডিয়া’ শিরোনামের স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান। স্ট্যান্ডআপ ঢাকার আয়োজনে জীবনের বিচিত্র অভিজ্ঞতা, ভুল সিদ্ধান্ত ও বিব্রতকর নানা মুহূর্ত উঠে আসবে কৌতুকের মাধ্যমে। অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।
যমুনা ফিউচার পার্কে হ্যালোইন উৎসব হ্যালোইনকে ঘিরে আজ যমুনা ফিউচার পার্কের মহল কনভেনশন হলে আয়োজন করা হয়েছে ‘হন্টেড হ্যালোইন নাইট অ্যাট ঢাকা ২০২৬’। আয়োজনের তালিকায় রয়েছে কসপ্লে, ম্যাজিক শো, মুখোশের নাচ, লাইভ সংগীত ও ডিজে পরিবেশনা। পাশাপাশি থাকছে ফেস পেইন্টিং, ফটো জোন ও নানা গেমস। প্রকাশিত সূচিতে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠানের সময় উল্লেখ করা হয়েছে। তবে আয়োজকের কাছ থেকে চূড়ান্ত সময় নিশ্চিত করে নেওয়া ভালো।
ধানমন্ডিতে ছয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ধানমন্ডির রাশিয়ান হাউসে আজ বিকেল চারটায় শুরু হচ্ছে ‘ফিল্ম ফিয়েস্তা টেক ০৬’। এবারের প্রদর্শনীর বিষয় ‘আনক্যানি’। এতে প্রদর্শিত হবে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নাই’, ‘নট আ ফিকশন’, ‘মারভেন’, ‘নামাজ শিক্ষা’, ‘জিন্নাহ ইজ ডেড’ ও ‘আজ আমার পালা’।
প্রদর্শনীর পাশাপাশি নির্মাতাদের সঙ্গে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব রয়েছে। আলোচনায় অংশ নেওয়ার কথা নির্মাতা কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও ভিকি জাহেদের। বেলা তিনটায় দর্শকদের প্রবেশ শুরু হবে। আয়োজন চলবে রাত আটটা পর্যন্ত। অনলাইনে টিকিটের মূল্য ৩৫০ টাকা, অনুষ্ঠানস্থলে ৪০০ টাকা।
ঢাকা কলেজে জাতীয় সাংস্কৃতিক উৎসব
ঢাকা কলেজ ক্যাম্পাসে আজ শুরু হচ্ছে ‘ডিসিসিসি ন্যাশনাল কালচারাল ফিয়েস্তা ২০২৬’। ঢাকা কলেজ কালচারাল ক্লাবের আয়োজনে উৎসবে থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তি ও বক্তৃতা, অভিনয়, বিতর্ক এবং শিল্প ও কারুশিল্পসহ বিভিন্ন প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত উৎসবটির এটি চতুর্থ আসর।
হালিম বয়াতি স্মরণোৎসব
হালিম বয়াতিকে বলা হয় বিচারগানের অন্যতম প্রবর্তক। সাধক হালিম নামেই সবার কাছে পরিচিত তিনি। তাঁর লেখা পাঁচ হাজারের বেশি গান ‘হালিম সংগীত’ নামে পরিচিত। ৩০ অক্টোবর হালিম বয়াতির ৯৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬’। এতে থাকবে আলোচনা অনুষ্ঠান ও বাউলগানের আসর। প্রকাশ করা হবে হালিম বয়াতিকে নিয়ে স্মারকগ্রন্থ।
সাত বছর পর মঞ্চে ‘নভেরা’
বেলা তিনটায় টিএসসির পায়রা চত্বরে শুরু হবে আয়োজন। শুরুতেই থাকবে আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠান শেষে বাউলগানের আসর। গাইবেন আলেয়া বেগম, ফকির আবুল সরকার, লতা দেওয়ান, রুমা সরকার, মুক্তা সরকার, সৈয়দ আশিকুর রহমান, বিমান চন্দ্র বিশ্বাস, বগা তালেব, আকাশ গায়েন, শাহ মোহাম্মদ শিপন, সোহাগ প্রামাণিক, খোকন চিশতি, মারুফ মৃন্ময়, জয়িতা অর্পা, সানজিদা প্রমি, ইমরান হোসাইন, অভিবাদন দাস, নবীন কিশোর গোস্বামী, নাজমুল সরকার, রহমান জনি, মনিরুজ্জামান খান ও মাহাবুব খালাসী।
মাত্র সাত বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছিলেন হালিম বয়াতি। দেহতত্ত্ব, শরিয়ত, মারফত, হকিকত, তরিকত নিয়ে তিনি গান রচনা করেছেন। লোকসংগীতে বিশেষ অবদানের জন্য হালিম বয়াতিকে ২০০১ সালে বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। এ ছাড়া তিনি কবি জসীমউদ্দীন গবেষক স্বর্ণপদক পেয়েছেন। ২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি মারা যান তিনি।
যাত্রা বিরতিতে গাইবেন টুটুল ফকির
আজ বনানীর যাত্রা বিরতিতে গাইবেন টুটুল ফকির। তাঁর কণ্ঠে লালন সাঁইয়ের গান, বাণী ও দর্শনের সঙ্গে থাকছে সাধু-সঙ্গের ঐতিহ্যবাহী আচার ও আবহ। সন্ধ্যায় শুরু হওয়া ‘সাঁইয়ের বাণী, মনের সন্ধানে’ আয়োজনটি দর্শনীর বিনিময়ে উপভোগ করতে পারবেন শ্রোতারা।
আপনার মতামত লিখুন