আইসিসির মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন পেলেন সোবহানা মোস্তারি – MZamin
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সেঞ্চুরির সুবাদে অক্টোবর মাসের আইসিসি উইমেন্স প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। ঘোষিত তিন সদস্যের সংক্ষিপ্ত তালিকায় সোবহানার সঙ্গে জায়গা পেয়েছেন ভারতের দীপ্তি শর্মা এবং অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড।
অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনে ব্যাট হাতে ইতিহাস গড়েন ২৪ বছর বয়সি সোবহানা। দুর্দান্ত ফর্মে থেকে ১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে এটিই বাংলাদেশ নারী দলের কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তাঁর এই অসাধারণ ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের লড়াকু পুঁজি গড়েছিল বাংলাদেশ।
যদিও শেষ পর্যন্ত ম্যাচটিতে হেরে যায় এবং ৩-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়। তবুও তিন ম্যাচে ৪৩.০০ গড়ে ১২৯ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক হন সোবহানা। পাশাপাশি এই লড়াইয়ে থাকা ভারতের দীপ্তি শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে এবং অস্ট্রেলিয়ার সাদারল্যান্ড বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট-বল উভয় বিভাগেই দারুণ পারফর্ম করে এই মনোনয়ন অর্জন করেছেন।
আপনার মতামত লিখুন