৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – MZamin
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – MZamin
0:00 0:00

৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – MZamin

খেলা
৫১ জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী – MZamin
নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৯:৩৩ এএম

দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের কাজ খুব শিগগির শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে এসব উন্নয়ন কার্যক্রম শেষ করা হবে। একই সঙ্গে খেলোয়াড়দের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনাও হাতে নিয়েছে সরকার। নওগাঁ জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকালে ‘জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে এবং তৃণমূল পর্যায়ে অবকাঠামোর মান বাড়াতে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে নওগাঁর ক্রীড়াঙ্গনের অতীত গৌরব ও কৃতি ফুটবলারদের স্মৃতি স্মরণ করেন প্রতিমন্ত্রী। এই অঞ্চলের হারানো ক্রীড়াচর্চা পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ জোর দেন তিনি। প্রতিমন্ত্রী ঘোষণা দেন, নওগাঁ জেলা স্টেডিয়ামের বর্তমান জরাজীর্ণ অবস্থা দূর করা হবে। অতিদ্রুত সেখানে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন গ্যালারি ও ইনডোর ফ্যাসিলিটিসহ আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

ক্রীড়াবিদদের সামাজিক ও পেশাগত নিরাপত্তার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করে আমিনুল হক বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে পূর্ণাঙ্গ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। তাঁর ভাষ্য, এত দিন সমাজ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রথাগত সরকারি চাকরির পেছনে ছোটার মানসিকতা লালন করলেও এখন খেলাধুলাকেও টেকসই ক্যারিয়ার হিসেবে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রতিমন্ত্রী জানান, পেশাদার খেলোয়াড়দের সরকারিভাবে ক্রীড়া ভাতা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এর আওতায় এসেছেন দেশের তিন শতাধিক জাতীয় পর্যায়ের কৃতি ক্রীড়াবিদ। খেলোয়াড়েরা যেন ক্রীড়াজীবন শেষে ভবিষ্যৎ অনিশ্চয়তায় না পড়েন, সে জন্য তাঁদের সরকারি চাকরি ও কর্মসংস্থানের সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। বিশেষ করে উপজেলা ক্রীড়া অফিসার পদে অভিজ্ঞ ও প্রাক্তন প্রতিভাবান খেলোয়াড়দের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বর্তমানে বিবেচনায় রয়েছে।